পাকিস্তান ৪ কার্গো বিমানবোঝাই অস্ত্র পাঠাল ইয়েমেনে
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১০:০৭ এএম
ছবি: সংগৃহীত
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সৌদি সমর্থিত সরকারের সমর্থনে চারটি কার্গো বিমানে করে অস্ত্র পাঠিয়েছে পাকিস্তান। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বরে পাঠানো এই চালানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, হালকা কামান, ড্রোন এবং ড্রোন প্রতিরোধী সরঞ্জাম রয়েছে। এছাড়া ইয়েমেনে সৌদি সামরিক বাহিনীর সঙ্গে পাকিস্তানি সামরিক উপদেষ্টারাও কাজ করছেন।
মিডল ইস্ট আইয়ের তথ্যমতে, একাধিক পশ্চিমা ও আরব কর্মকর্তা জানিয়েছেন যে সৌদি আরব একটি বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে। হুথিদের ক্রমবর্ধমান আক্রমণের মুখে লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ হারাতে বসা পরিস্থিতি ঠেকাতেই এই প্রস্তুতি নেওয়া হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে তাইজ শহরের আশপাশে তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার হুথিরা একটি সেতু ধ্বংস করে দেয়, যা তাইজ সংলগ্ন সরকারি এলাকার সঙ্গে এডেনের সংযোগ রক্ষা করত।
আরও পড়ুন: সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় রূপপুরে যাচ্ছে পারমাণবিক জ্বালানি
এরই মধ্যে সৌদি আরব হুথিদের বিরুদ্ধে বিমান হামলা জোরদার করেছে। হুথিদের দাবি, সৌদি বাহিনী একদিনেই ৯৪টি হামলা চালিয়েছে। অন্যদিকে রিয়াদের দাবি অনুযায়ী, সানা, সাদা ও তাইজের নির্দিষ্ট সামরিক স্থাপনাতেই এসব হামলা চালানো হয়েছে।
ইয়েমেন সংঘাতের প্রেক্ষাপটে পাকিস্তান ও তুরস্কের সৌদি-সমর্থন অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। গত আগস্টে স্বাক্ষরিত সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের যৌথ প্রতিরক্ষা চুক্তির পর এটিকে ওই চুক্তির প্রথম বড় পরীক্ষা হিসেবেও দেখা হচ্ছে। তবে ইরানের সঙ্গে দীর্ঘ সীমান্ত এবং হুথিদের প্রতি তেহরানের সমর্থনের বিষয়টি বিবেচনায় রেখে ইসলামাবাদকে সৌদি সম্পর্কের পাশাপাশি নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থও রক্ষা করতে হচ্ছে।
এদিকে হুথিদের মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বাড়াতে তৎপর হয়েছে সৌদি আরব। এরই অংশ হিসেবে ইয়েমেন ইস্যুতে পূর্বে মতবিরোধ থাকলেও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক নতুন করে জোড়া লাগানোর উদ্যোগ নিয়েছে রিয়াদ।
