ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৯
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩১ এএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ব্যবসায়িক কাজে ব্যবহৃত একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৯ আরোহী নিহত হয়েছেন। রোববার (১ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে এ দুর্ঘটনা ঘটে। বিমানটিতে মোট নয়জন আরোহী ছিলেন বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের পরিবহণমন্ত্রী শন ডাফি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ফ্লোরিডার ক্রেস্টহেভেন এলাকার কাছে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থলটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্র মার-আ-লাগো থেকে প্রায় ৯ মাইল বা ১৪ কিলোমিটার দূরে। মার-আ-লাগো ফ্লোরিডার পাম বিচ কাউন্টির একটি অভিজাত এলাকায় অবস্থিত।
দুর্ঘটনাস্থলের বিভিন্ন ছবিতে আবাসিক এলাকার একটি সড়কে বড় গর্ত ও আগুনের চিহ্ন দেখা গেছে। এ ছাড়া বিমানটির ভাঙা অংশ, কংক্রিটের টুকরা এবং অন্যান্য ধ্বংসাবশেষ সড়কজুড়ে ছড়িয়ে থাকতে দেখা যায়।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, লিয়ারজেট ৬০ মডেলের বিমানটি টেক্সাসের অস্টিন থেকে যাত্রা শুরু করেছিল। এর গন্তব্য ছিল বাহামা।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের প্রতিবেদন এবং বিমানটির গতিপথ বিশ্লেষণে দেখা গেছে, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি প্রতি সেকেন্ডে কয়েক শ ফুট নিচের দিকে নামছিল।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওটিতে গাড়ির ড্যাশবোর্ডে থাকা ক্যামেরায় দুর্ঘটনার মুহূর্ত ধারণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে দেখা যায়, আবাসিক এলাকার একটি সড়ক দিয়ে গাড়ি চলার সময় হঠাৎ একটি বিমান প্রায় খাড়াভাবে নিচে নেমে মাটিতে আছড়ে পড়ে। মুহূর্তেই সেখানে আগুনের বিশাল গোলা তৈরি হয়।
দুর্ঘটনার পর এক সংবাদ সম্মেলনে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বলেন, ‘ভিডিওটি দেখলে গা শিউরে ওঠে। মনে হয়, যেন একটি ক্ষেপণাস্ত্র নিচে নেমে আসছে। এরপর বিশাল বিস্ফোরণ ঘটে, চারদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।’
বিমানটিতে কারা ছিলেন, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি। গভর্নর ডিস্যান্টিস জানান, দুর্ঘটনায় মাটিতে থাকা কোনো ব্যক্তির নিহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের পরিবহণমন্ত্রী শন ডাফি দুর্ঘটনাটিকে ‘অত্যন্ত মর্মান্তিক’ বলে বর্ণনা করেছেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডকে (এনটিএসবি) সহায়তা করতে ঘটনাস্থলে একটি তদন্ত দল পাঠাচ্ছে এফএএ।
সূত্র: বিবিসি
