পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডে আছেন যারা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ এএম
ছবি : সংগৃহীত
পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে সরকার। বোর্ডে মালিক ও শ্রমিকপক্ষের চারজন প্রতিনিধি, একজন নিরপেক্ষ সদস্য এবং একজন চেয়ারম্যান রয়েছেন। এর মধ্য দিয়ে পোশাকশ্রমিকদের নতুন বেতনকাঠামো নির্ধারণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো।
রোববার (১ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমান। নিরপেক্ষ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব।
অন্যদিকে, শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন।
এর আগে রোববার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী আরিফ। তিনি জানান, শ্রম আইন অনুযায়ী ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে। রোববার থেকেই বোর্ডের কার্যক্রম শুরু হবে।
মন্ত্রী বলেন, দ্রুততম সময়ের মধ্যে বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সেখানে আলোচনা করে শ্রমিকদের নতুন নিম্নতম মজুরির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। এ সময় শ্রমিকদের রাজপথের আন্দোলন ছেড়ে নিজ নিজ কর্মস্থলে ফিরে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বিজিএমইএ ও বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী। বৈঠক শেষে পরদিন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছিলেন তিনি।
ওই বৈঠকে শ্রমিক নেতাদের উত্থাপিত দাবির বিষয়ে মন্ত্রী বলেন, তাদের বক্তব্য ও দাবিগুলো নিয়ে আলোচনার ভিত্তিতে পর্যায়ক্রমে কাজ করা হবে। শিল্পকারখানা রক্ষার পাশাপাশি শ্রমিকদের ন্যায্য দাবি পূরণেও সরকার কাজ করবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরে মাসিক নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। তাদের দাবির পরিপ্রেক্ষিতেই নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়া শুরু করেছে সরকার।
