যেভাবে গিয়েছিলেন, সেই পথেই হাসিনাকে ফেরাতে চায় ভারত
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০১:০১ পিএম
ছবি : সংগৃহীত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেভাবে বাংলাদেশের সামরিক বিমানে ভারতে নেওয়া হয়েছিল, ঠিক সেভাবেই তাকে দেশে ফিরিয়ে দিতে চায় নয়াদিল্লি। এ ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীকে তার প্রত্যাবর্তনের দায়িত্ব নেওয়ার পাশাপাশি দেশে ফেরার পর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও নিশ্চয়তা চায় ভারত। একই সঙ্গে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান-সংক্রান্ত মামলায় দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল এবং নতুন করে বিচারের সুযোগ নিশ্চিত করার প্রত্যাশা করছে দেশটি।
সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার প্রত্যাবর্তন সহজ করতে বাংলাদেশের কাছে দুটি প্রধান শর্ত তুলে ধরেছে নয়াদিল্লি। প্রথমত, বাংলাদেশ সেনাবাহিনীকে তাকে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব নিতে হবে। এ জন্য একটি সামরিক বিমান পাঠানোর প্রস্তাব রয়েছে। কারণ, ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার সময় বাংলাদেশের সামরিক বিমানেই ভারতে গিয়েছিলেন শেখ হাসিনা। তবে স্থলসীমান্তের কোনো নির্দিষ্ট পয়েন্টে সেনাসদস্যদের মাধ্যমে তাকে গ্রহণের বিকল্পও বিবেচনায় রয়েছে।
দ্বিতীয়ত, জুলাই হত্যাকাণ্ডের অভিযোগে দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল এবং নতুন করে স্বচ্ছ বিচারপ্রক্রিয়ার সুযোগ নিশ্চিত করতে হবে বাংলাদেশকে।
শেখ হাসিনার অবস্থান নিয়ে অস্বস্তিতে ভারত
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার ভারতে দীর্ঘদিন অবস্থান দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও নয়াদিল্লির জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছে। আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী দমন-পীড়নের দায়ে দণ্ডিত সাবেক একজন নেতাকে আশ্রয় দেওয়ায় আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখেও পড়ছে ভারত।
প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় নীতিনির্ধারকেরা প্রথমে চেয়েছিলেন শেখ হাসিনা তৃতীয় কোনো দেশে চলে যান। এ বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করেও তেমন কোনো সমাধান পাওয়া যায়নি। ফলে দেশে ফিরে আইনি প্রক্রিয়ায় অংশ নেওয়াকেই এখন সম্ভাব্য পথ হিসেবে দেখছে নয়াদিল্লি।
এ ছাড়া ভারতীয় নীতিনির্ধারকদের একটি অংশ মনে করে, শেখ হাসিনা দেশে না ফিরলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানো কঠিন হতে পারে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, ‘আমরা জেনেশুনে তাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য হস্তান্তর করতে পারি না। বরং আমরা চাইব তিনি যেন নতুন করে ন্যায়বিচারের সুযোগ পান।’
ভারত চায়, আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব গণমাধ্যমের নজরদারির মধ্যে শেখ হাসিনার বিচারপ্রক্রিয়া সম্পন্ন হোক বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, ভারতীয় এক সামরিক সূত্র জানিয়েছে, দেশে ফেরার পর শেখ হাসিনার নিরাপত্তা যাতে ঝুঁকির মুখে না পড়ে, সে বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে নিশ্চয়তা চায় নয়াদিল্লি।
সেনাবাহিনীর ভূমিকা নিয়ে পর্দার আড়ালে আলোচনা
বিবিসি বাংলা জানিয়েছে, ২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চাইলেও প্রত্যর্পণ চুক্তির আইনি দিক বিবেচনার কথা বলে ভারত এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি।
প্রতিবেদন অনুযায়ী, আসামি হিসেবে বাংলাদেশের কোনো বিমানে তুলে শেখ হাসিনাকে ফেরত দিতে চায় না ভারত। কারণ, এমন পদক্ষেপ নেপাল, শ্রীলঙ্কা বা মালদ্বীপের মতো প্রতিবেশী দেশগুলোর মিত্র নেতাদের কাছে নেতিবাচক বার্তা দিতে পারে বলে মনে করছে নয়াদিল্লি।
তবে গত কয়েক মাস ধরে বিষয়টি নিয়ে পর্দার আড়ালে আলোচনা চলছে। গত অক্টোবরের প্রথম সপ্তাহে দিল্লিতে নিযুক্ত তৎকালীন বাংলাদেশি হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে অঘোষিত বৈঠক করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভারতীয় সামরিক সূত্রের দাবি, শেখ হাসিনার প্রত্যাবর্তনে বাংলাদেশ সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা নিশ্চিত করতেই ওই বৈঠক হয়েছিল।
ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে একাধিকবার প্রকাশ্যে জানিয়েছেন, ২০২৪ সালের জুলাইয়ের পর থেকে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান স্বাভাবিক সম্পর্ক শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রেও কাজে লাগুক—এমন প্রত্যাশার কথা ভারতীয় সূত্রের বরাতে জানিয়েছে বিবিসি বাংলা।
ডিসেম্বরে ফেরা নিয়ে সংশয়
বিবিসি বাংলার প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার পরই শেখ হাসিনা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ২০২৬ সালের ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন।
তবে জ্বালানি সংকট ও পোশাকশ্রমিকদের বিক্ষোভের মতো অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে থাকা বাংলাদেশের বর্তমান সরকার আদৌ এখন শেখ হাসিনাকে ফেরাতে চায় কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে ভারতীয় কর্মকর্তাদের। তাদের আশঙ্কা, শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে।
নয়াদিল্লির সাউথ ব্লকের এক কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, শর্ত পূরণ না হওয়ায় ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা কঠিন—এটি জেনেও ভারত তার ফেরার ঘোষণায় সম্মতি দিয়েছে। ওই কর্মকর্তার ভাষ্য, ‘অন্তত আমরা তখন বলতে পারব যে শেখ হাসিনা নিজেই ফিরতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশ নানা অজুহাত দেখানোয় তা সম্ভব হয়নি।’
প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন। শেষ পর্যন্ত ৩১ ডিসেম্বরের মধ্যে তিনি দেশে ফিরতে না পারলেও, ভারতে তার অবস্থান দীর্ঘায়িত করার পক্ষে নয়াদিল্লির হাতে নতুন যুক্তি তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।
