এনটিআরসিএ: ১-১২তম নিবন্ধনধারীদের জন্য সুখবর
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৯ পিএম
ছবি : সংগৃহীত
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১ম থেকে ১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ বিষয়ে কমিটির সুপারিশ আগামী সপ্তাহের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংসদীয় কমিটির একটি সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্রের ভাষ্য অনুযায়ী, গত ৮ নভেম্বর অনুষ্ঠিত কমিটির বৈঠকে ১ম থেকে ১২তম শিক্ষক নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়। তবে বৈঠকের কার্যবিবরণী বা রেজ্যুলেশন এখনো চূড়ান্ত হয়নি। এটি সম্পন্ন হওয়ার পরপরই সুপারিশটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।
জানা গেছে, মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানোর পর বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, বেসরকারি মাধ্যমিক শাখার যুগ্মসচিব এবং এনটিআরসিএর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে। এরপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, সংসদীয় কমিটির সুপারিশ শিগগিরই শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় এ বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, তা স্থায়ী কমিটির পরবর্তী বৈঠকে জানতে চাওয়া হবে।
এদিকে দীর্ঘদিনের বৈষম্য ও বঞ্চনার অবসান ঘটিয়ে দ্রুত নিয়োগ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন ১ম থেকে ১২তম শিক্ষক নিবন্ধনধারী প্রার্থীরা।
তবে সংসদীয় কমিটির সুপারিশের পরও নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের পরবর্তী পদক্ষেপের ওপর নির্ভর করছে।
