জামায়াত
এলপিজির দাম বৃদ্ধি জনজীবনে নতুন চাপ সৃষ্টি করবে
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১১:২৯ পিএম
ছবি : সংগৃহীত
গৃহস্থালিতে ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এলপিজির দাম বাড়ানো সাধারণ মানুষের জীবনযাত্রায় নতুন করে চাপ সৃষ্টি করবে।
রোববার (২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যে সাধারণ মানুষ এমনিতেই চরম ভোগান্তিতে রয়েছে। এর মধ্যে গৃহস্থালি ও যানবাহনে ব্যবহৃত এলপিজি এবং অটোগ্যাসের দাম বাড়ানোয় পরিবারের মাসিক ব্যয় আরও বৃদ্ধি পাবে। তিনি এ সিদ্ধান্তকে জনস্বার্থবিরোধী উল্লেখ করে এর সমালোচনা করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্য একাধিকবার বাড়ানোর প্রভাব ইতোমধ্যে বাজারে নিত্যপণ্যের দামে পড়েছে। ফলে নিম্ন ও মধ্যবিত্তসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য না থাকায় সাধারণ মানুষ আরও সংকটে পড়ছেন বলেও তিনি মন্তব্য করেন।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ২ আগস্ট থেকে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করেছে। আগে এ সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা। একই সঙ্গে অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৭৩ টাকা ৬৭ পয়সা।
বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল আশঙ্কা প্রকাশ করে বলেন, এলপিজির মূল্যবৃদ্ধির প্রভাব উৎপাদন খাতসহ সামগ্রিক অর্থনীতিতেও পড়তে পারে। তিনি দেশের জ্বালানি চাহিদা পূরণে প্রয়োজনীয় এলএনজি আমদানির উদ্যোগ জোরদার করার পাশাপাশি এলপিজির বর্ধিত মূল্য পুনর্বিবেচনা করে প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
