রাষ্ট্রপতি নির্বাচন
ইসিতে মনোনয়ন জমা দিলো জামায়াত জোট
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০১:১৪ পিএম
ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে অলি আহমেদের পক্ষে ১১ দলীয় জোটের নেতারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী মনোনয়নপত্রটি সিইসির কাছে হস্তান্তর করেন। জোটের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি কয়েকজন সংসদ সদস্যও এ সময় উপস্থিত ছিলেন।
অলি আহমেদের মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। সমর্থক হিসেবে স্বাক্ষর করেছেন এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে
আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতাপ্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। সব প্রক্রিয়া শেষে আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ উপলক্ষে ২০ আগস্ট জাতীয় সংসদের বৈঠকও ডাকা হয়েছে। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোট অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে সাধারণ ভোটারদের সরাসরি ভোট দেওয়ার সুযোগ নেই। সংসদ সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার এবং তাদের প্রকাশ্য ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন।
ফলে সংসদে থাকা রাজনৈতিক দলগুলোর অবস্থান এবং প্রার্থীদের পক্ষে সংসদ সদস্যদের সমর্থন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অলি আহমেদ দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন নেতা। তিনি এলডিপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট তাকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়ার পর এবার আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেওয়া হলো।
এখন নির্বাচন কমিশন মনোনয়নপত্র যাচাই-বাছাই করবে। ১৬ আগস্ট বাছাই শেষে প্রার্থীদের প্রার্থিতা সম্পর্কে সিদ্ধান্ত জানা যাবে। একাধিক প্রার্থী থাকলে নির্ধারিত সময় অনুযায়ী ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।
