জামায়াত সেক্রেটারি
রাড্ডা হাসপাতালে হামলায় সরকারদলীয় লোকজন জড়িত
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারসহ সাম্প্রতিক হামলা ও লুটপাটের ঘটনায় সরকারদলীয় লোকজনের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিএএমইএ) প্রেসিডেন্ট ও বোর্ড সদস্যদের সাক্ষাৎ শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, মিরপুরের রাড্ডা হাসপাতাল ও সাম্প্রতিক হামলা-লুটপাটের ঘটনাগুলো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি স্পষ্ট করেছে। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
তবে সরকারদলীয় লোকজনের সম্পৃক্ততার বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা ঘটনার বিস্তারিত উল্লেখ করেননি। তাঁর বক্তব্যটি অভিযোগ হিসেবেই এসেছে।
এদিকে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নয়জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যকেন্দ্র থেকে লুট হওয়া দুই ট্রাক মালামাল উদ্ধারের তথ্যও দিয়েছে পুলিশ।
ব্রিফিংয়ে বিপিএএমইএর প্রেসিডেন্ট শাহরিয়ার বলেন, দখলদারি ও চাঁদাবাজি ব্যবসার জন্য বড় হুমকি। ব্যবসায়ীরা চাঁদাবাজিমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে ব্যবসা পরিচালনা করতে চান।
সংকটের কারণে বন্ধ হয়ে যাওয়া এবং নানা সমস্যায় থাকা কারখানাগুলো পুনরায় সচল করতে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি।
