×

জামায়াত

১১ দলসহ নিরপেক্ষ ভেন্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চায় জামায়াত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পিএম

১১ দলসহ নিরপেক্ষ ভেন্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চায় জামায়াত

ছবি : সংগৃহীত

সরকারের সঙ্গে সংলাপে ১১ দলীয় ঐক্যের শরিকদের নিয়ে অংশ নিতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ জন্য সচিবালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে নিরপেক্ষ কোনো স্থানে সংলাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে দলটি। দেশের বর্তমান পরিস্থিতি এবং ফ্যাসিবাদ প্রতিরোধে রাজনৈতিক ঐক্য গড়ার লক্ষ্যেই এ উদ্যোগ বলে জানিয়েছে জামায়াত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৈঠকে সরকারের সঙ্গে সংলাপ, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে মতবিনিময়, কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে অংশগ্রহণ এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এতে জামায়াতের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সরকার ও বিএনপির পক্ষ থেকে সংলাপের বিষয়ে যোগাযোগ করা হলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, ১১ দলীয় ঐক্য একসঙ্গে সংলাপে অংশ নিতে চায়। পাশাপাশি সংলাপের স্থান হিসেবে সচিবালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে নিরপেক্ষ ভেন্যুর প্রস্তাব দেওয়া হয়েছে।

১১ দলীয় ঐক্য হিসেবে সংলাপে অংশগ্রহণ

সংলাপের দিনক্ষণ সম্পর্কে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর সঙ্গে সরকারের যোগাযোগ রয়েছে। সরকারের উদ্যোগে আয়োজিত সংলাপে অংশগ্রহণের প্রক্রিয়া নিয়ে নির্বাহী পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ১১ দলীয় ঐক্য জোটগতভাবে সংলাপে অংশ নেবে।

তিনি বলেন, সংলাপের দিনক্ষণ চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। ১১ দলীয় ঐক্যের সঙ্গে সরকারের সংলাপ হলে সেখানে এনসিপি থাকবে বলেও দলটিকে জানানো হয়েছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘সরকার ও বিএনপির পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমরা তাদের ১১ দলীয় ঐক্য একসঙ্গে বসার বিষয়ে জানিয়েছি। এ বিষয়ে আমরা অনড়। এ ছাড়া সচিবালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ে নয়, নিরপেক্ষ ভেন্যুতে বসার বিষয়টিও জানিয়েছি।’

নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় প্রসঙ্গে তিনি বলেন, ‘যেহেতু আমাদের দাবি-দাওয়া সবই এক, সেহেতু নির্বাচন কমিশনের সঙ্গেও একসঙ্গে বসতে চাই। ইসিকে জানানো হয়েছে। সব ঠিক থাকলে রোববার একসঙ্গেই বসব।’

জুলাই সনদ বাস্তবায়ন প্রধান শর্ত

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ও সংলাপের বিষয়ে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এবং জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, বৈঠক ও সংলাপ এক বিষয় নয়। সংলাপের জন্য নিরপেক্ষ ভেন্যু প্রয়োজন। সেখানে বিভিন্ন দাবি নিয়ে আলোচনা এবং ঐকমত্যে পৌঁছানোর সুযোগ থাকতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন তাঁদের প্রধান শর্ত। এটি বাস্তবায়িত হলে অধিকাংশ সমস্যার সমাধান হবে বলেও মন্তব্য করেন তিনি।

হামিদুর রহমান আযাদ বলেন, ‘যোগাযোগ, আলাপ-আলোচনা চলছে। আমরা দলীয়ভাবে না, জোটগতভাবেই সংলাপে বসতে চাই। আশা করছি শিগগিরই সংলাপ হবে। নির্বাচন কমিশনের ডাকেও সাড়া দিয়েছি। সেখানেও আমরা ১১ দলের ব্যানারেই সংলাপে বসব।’

এদিকে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের উদ্যোগে আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে। প্রথম দিন বিএনপি ও জামায়াতসহ ১৯টি দলকে আমন্ত্রণ জানিয়েছে কমিশন।

নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময়েও ১১ দলীয় ঐক্যের ব্যানারে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। এ দুই সংলাপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শুক্রবার (২৭ নভেম্বর) ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সভা ডাকা হয়েছে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১১ দলসহ নিরপেক্ষ ভেন্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চায় জামায়াত

১১ দলসহ নিরপেক্ষ ভেন্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চায় জামায়াত

সতিনকে ফাঁসাতে নিজ মেয়েকে নিখোঁজের নাটক, অতঃপর...

সতিনকে ফাঁসাতে নিজ মেয়েকে নিখোঁজের নাটক, অতঃপর...

সীমান্তের ওপার থেকে একটি অপশক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তের ওপার থেকে একটি অপশক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিসে ছুটি বাতিল, পুলিশের সঙ্গে মাঠে স্থানীয় নেতাকর্মীরা

ফায়ার সার্ভিসে ছুটি বাতিল, পুলিশের সঙ্গে মাঠে স্থানীয় নেতাকর্মীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App