ইসি ও জাতীয় সংলাপে আলাদাভাবে বসবে না জামায়াত
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পিএম
ছবি : সংগৃহীত
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আয়োজিত জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। দুই সংলাপেই ১১ দলীয় ঐক্যের ব্যানারে একসঙ্গে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জোটটি।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, সংলাপে একসঙ্গে অংশ নেওয়ার বিষয়ে জামায়াতের অবস্থান ইতোমধ্যে স্পষ্ট করা হয়েছে। ১১ দলীয় ঐক্যের সব শরিককে একসঙ্গে সংলাপে বসার সুযোগ দেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের সিনিয়র সচিবকে জানানো হয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিক আবেদনও করা হবে।
হামিদুর রহমান আযাদ জানান, বৈঠকে ১১ দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে আলাদা সময় চেয়ে আবেদন করার সিদ্ধান্ত হয়েছে। ওই সময়ে জোটের ১১টি দলকে একসঙ্গে সংলাপে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার বিষয়ে বৈঠকে সবাই একমত হয়েছেন।
জাতীয় সংলাপের ক্ষেত্রেও একই অবস্থান নিয়েছে ১১ দলীয় ঐক্য। হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের ভিত্তিতে জাতীয় সংলাপে বসতে চায় জোটের দলগুলো। এ সংলাপেও ১১ দল একসঙ্গে অংশ নেবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।
