দৌলতপুরে 'পীর' হত্যায় ছাত্রদলকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
এস আর সেলিম দৌলতপুর, কুষ্টিয়া
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
কুষ্টিয়ার দৌলতপুরে কথিত পীর আব্দুর রহমান শামীম হত্যার ঘটনায় ছাত্রদলকে জড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি জাতীয় দৈনিকে মিথ্যাচার করা হয়েছে বলে দাবি করেছে ছাত্রদল। ওই দৈনিকটিতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরেছে দৌলতপুর উপজেলা ছাত্রদল। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করে ছাত্রদল।
এতে লিখিত বক্তব্যে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদুজ্জামান রুবেল বলেন, একটি জাতীয় দৈনিক পত্রিকায় 'কুষ্টিয়ায় কথিত পীরকে পিটিয়ে হত্যা : হামলায় সামনের সারিতে ছাত্রদল নেতাকর্মী' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। যেটি সম্পূর্ণ মনগড়া, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আমরা মনে করি। উক্ত প্রতিবেদনে ছাত্রদলের পরিচয় ব্যবহার করে যেসব তথ্য পরিবেশন করা হয়েছে, তা চরম অসংলগ্ন।
তিনি বলেন, বিগত ১৫ বছর ধরে সংশ্লিষ্ট ফিলিপনগর ইউনিয়নে ছাত্রদলের কোনো কমিটি নেই। এমনকি দৌলতপুর উপজেলা ছাত্রদল দীর্ঘদিন যাবৎ ১১ সদস্যের আহ্বায়ক কমিটি দ্বারা পরিচালিত হচ্ছে। অথচ, প্রতিবেদক কোনো প্রকার যাচাই-বাছাই বা মাঠপর্যায়ের অনুসন্ধান না করে, এমনকি উপজেলা ছাত্রদলের দাপ্তরিক তথ্য না নিয়েই ছাত্রদলের নেতাকর্মী উল্লেখ করে মনগড়া প্রতিবেদন তৈরি করেছেন। সম্প্রতি নিহত কালান্দার শামীমের দরবারে তার ওপর হামলা ও হত্যার ঘটনার সময় সেখানে জমায়েত হওয়া কয়েকশ স্থানীয় মানুষের মধ্যে কাউকে কাউকে ছাত্রদলের নেতা বা কর্মী হিসাবে পরিচয় করানো হয়েছে। যা সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন। এটি দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের জন্য মানহানিকর এবং জনগণের জন্য বিভ্রান্তিমূলক।
লিখিত বক্তব্যে ছাত্রদল নেতা মাসুদুজ্জামান রুবেল আরো বলেন, নিজের অনুসারীদের কাছে পীর হিসাবে পরিচিতি পাওয়া কালান্দার শামীম হত্যাকাণ্ডে মামলার এজাহার, চলমান তদন্ত কিংবা মানুষের মুখে মুখেও ছাত্রদলের অংশগ্রহণের কোনো তথ্য নেই। অথচ, একটি মহল উদ্দেশ্যমূলকভাবে এবং রাজনৈতিক প্রতিহিংসায় আমাদের সংগঠনের নাম জড়িয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। বিষয়টি উল্টো দিকে প্রবাহিত করার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। ছাত্রদল কোনো ধরনের বিশৃঙ্খলা, হামলা বা হত্যাকাণ্ড সমর্থন করে না। আমাদের নেতাকর্মীরা দৌলতপুরে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত নয়।
তিনি বলেন, আমরা আমাদের অবস্থান আবারো স্পষ্ট করে জানাতে চাই, প্রতিবেদনে বর্ণিত ওই ইউনিয়নে ছাত্রদলের কোনো কমিটি নেই। প্রকাশিত খবরে ব্যবহার করা নাম পদবি সম্পূর্ণ বানোয়াট। ঘটনার আগে-পরে ছাত্রদলের কোনো নেতাকর্মীর ন্যূনতম সংশ্লিষ্টতা নেই। পরিকল্পিতভাবে আমাদের সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই মিথ্যা প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। আমরা অবিলম্বে বাস্তবতা তুলে ধরে ও দৈনিক যুগান্তরের প্রিন্ট এবং অনলাইন ভার্সনে প্রকাশিত তথ্য ভুল স্বীকার করে খবর প্রকাশের দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে দৌলতপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আলী আমির হামজা মিঠু শেখ, যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ রতন, যুগ্ম আহ্বায়ক সরোয়ার জাহান বেনজুসহ উপজেলা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
