×

খুলনা

৪ মাস বিদ্যুৎ নেই রেলস্টেশনে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পিএম

৪ মাস বিদ্যুৎ নেই রেলস্টেশনে

ছবি : সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর খুলনা-মোংলা রেলপথে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলেও বাগেরহাটের কাটাখালী রেলস্টেশনে প্রায় চার মাস ধরে বিদ্যুৎ নেই। গত ৩০ মে স্টেশনের ট্রান্সফরমার চুরি হওয়ার পর থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বিদ্যুৎ না থাকায় স্টেশনের অপেক্ষমাণ কক্ষের ফ্যানগুলো বন্ধ। একই সঙ্গে পানি তোলার মোটরও চালানো যাচ্ছে না। ফলে প্রচণ্ড গরমে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি টয়লেটে পানির সংকট দেখা দিয়েছে।

দীর্ঘদিন পর খুলনা-মোংলা রেলপথে যাত্রীবাহী ট্রেন চালু হওয়ায় এ রুটে যাত্রী চলাচল বেড়েছে। মোংলা থেকে বেনাপোল পর্যন্ত চলাচলকারী ট্রেনের যাত্রীরা কাটাখালী স্টেশনে ওঠানামা ও অপেক্ষা করেন। গুরুত্বপূর্ণ এই স্টেশনে দীর্ঘদিন বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক যাত্রীসেবা।

সরেজমিনে দেখা যায়, স্টেশনের অপেক্ষমাণ কক্ষে বৈদ্যুতিক ফ্যান থাকলেও বিদ্যুৎ না থাকায় সেগুলো বন্ধ রয়েছে। প্রচণ্ড গরমে অনেক যাত্রীকে বাইরে বা খোলা জায়গায় বসে কিংবা দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষা করতে দেখা যায়। বিদ্যুৎচালিত মোটর বন্ধ থাকায় নিয়মিত পানির ট্যাংকেও পানি তোলা সম্ভব হচ্ছে না। এতে টয়লেট ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়ছেন যাত্রীরা।

স্টেশনে অপেক্ষমাণ নারী যাত্রী খাদিজা খাতুন বলেন, বাচ্চা নিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়। কিন্তু বিদ্যুৎ না থাকায় ফ্যান চলে না। প্রচণ্ড গরমে অনেক কষ্ট হয়। টয়লেটে গেলেও পানির সমস্যা দেখা দেয়। দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়ার দাবি জানান তিনি।

আরেক যাত্রী শিউলি বেগম বলেন, ট্রেনের জন্য অপেক্ষা করতে এসে গরমে বসে থাকা কঠিন হয়ে পড়ে। ফ্যান থাকলেও বিদ্যুৎ না থাকায় সেটি চালানো যায় না। বাথরুমেও পানির সমস্যা রয়েছে। যাত্রীদের দুর্ভোগ বিবেচনায় দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়া প্রয়োজন।

যাত্রী মামুন বিশ্বাস বলেন, এই রুটে এখন নিয়মিত ট্রেন চলছে এবং প্রতিদিন অনেক মানুষ যাতায়াত করছেন। কিন্তু স্টেশনে বিদ্যুৎ না থাকায় যাত্রীদের ভোগান্তি হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান হবে বলে প্রত্যাশা করেন তিনি।

স্থানীয় বাসিন্দা শেখ আসাদুজ্জামান বলেন, প্রায় চার মাস ধরে স্টেশনে বিদ্যুৎ নেই। ট্রেন চলাচল শুরুর পর যাত্রীর সংখ্যা বেড়েছে। তাই স্টেশনে যাত্রীদের মৌলিক সুবিধাগুলো দ্রুত নিশ্চিত করা দরকার।

কাটাখালী রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মোহাম্মদ আলী বলেন, গত ৩০ মে স্টেশনের ট্রান্সফরমার চুরি যাওয়ার পর বিষয়টি রেল কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র রাজশাহীতে পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন ও অর্থ বরাদ্দ পাওয়ার পর বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে।

তিনি বলেন, ট্রান্সফরমার চুরির পর থেকেই স্টেশনে বিদ্যুৎ সংযোগ নেই। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ফ্যান চালানো যাচ্ছে না এবং টয়লেটে পানি তোলার মোটরও চালানো সম্ভব হচ্ছে না। বিষয়টি সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ বিষয়ে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বলেন, কাটাখালী রেলস্টেশনে তিনটি ট্রান্সফরমার ছিল। এর মধ্যে দুটি চুরি হয়ে যায়। একটি অবশিষ্ট থাকায় সেটি মেরামত করে স্থাপন করা হয়েছিল। তবে নতুন করে সংযোগ দেওয়ার জন্য রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো লিখিত আবেদন পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, ট্রান্সফরমার চুরি হলে নিয়ম অনুযায়ী নির্ধারিত অর্থ পরিশোধ করে নতুন ট্রান্সফরমার নিতে হয়। বিষয়টি স্টেশন মাস্টারকে জানানো হয়েছে। রেল কর্তৃপক্ষ লিখিত আবেদন করলে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট চেম্বারের নির্বাচন বাতিল করে নতুন প্রশাসক দিল মন্ত্রণালয়

সিলেট চেম্বারের নির্বাচন বাতিল করে নতুন প্রশাসক দিল মন্ত্রণালয়

নাটোরে বাসের ধাক্কায় বাইসাইকেল চালকের মৃত্যু

নাটোরে বাসের ধাক্কায় বাইসাইকেল চালকের মৃত্যু

‘মামলা কেন নেওয়া হয়নি, সেই প্রশ্ন তো আমার’

‘মামলা কেন নেওয়া হয়নি, সেই প্রশ্ন তো আমার’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চল অবহেলিত থাকবে না

সমাজকল্যাণমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চল অবহেলিত থাকবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App