আজ বিচার বিভাগের রোডম্যাপ তুলে ধরবেন প্রধান বিচারপতি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৫ এএম
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ছবি: সংগৃহীত
দেশের অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশে অভিভাষণ প্রদান করবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। প্রধান বিচারপতি তার অভিভাষণে দেশের বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ তুলে ধরবেন।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার গার্ডেনে অভিভাষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে দেশের অধস্তন আদালতের প্রায় ২ হাজার বিচারক অংশগ্রহণ করবেন।
এছাড়াও অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগের বিচারপতি ছাড়াও বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত কমিশনের চেয়ারম্যান আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও সম্পাদক উপস্থিত থাকবেন।
প্রধান বিচারপতি তার অভিভাষণে দেশের বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ তুলে ধরবেন। এতে তিনি গত ১২ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবীদের উদ্দেশে প্রদত্ত তার অভিষেক ভাষণে উল্লেখিত বিচার বিভাগ সম্পর্কিত বিভিন্ন বিষয়সহ বিচার বিভাগের স্বাধীনতা, স্বতন্ত্রীকরণ ও প্রাতিষ্ঠানিক পৃথকীকরণের বিষয়ে বিশদ আলোকপাত করবেন।
গত ৩ সেপ্টেম্বর অভিভাষণ অনুষ্ঠানে দেশের সব বিচারককে উপস্থিত থাকার নির্দেশ দিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা-৩ হতে একটি সরকারি আদেশ জারি করা হয়।
আরো পড়ুন: শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরো ৪ অভিযোগ
জারি করা ওই আদেশে উল্লেখ করা হয়, দেশের সব আদালত সমূহে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক মনোনীত একজন করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিয়ে দেশের অধস্তন আদালতের অন্য সব বিচারককে ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য দেশের প্রধান বিচারপতি কর্তৃক প্রদত্ত অভিভাষণ অনুষ্ঠানে আবশ্যিকভাবে উপস্থিত থাকতে হবে।
এছাড়া সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে গত ৪ সেপ্টেম্বর উক্ত অভিভাষণ অনুষ্ঠানে অধস্তন আদালতের বিচারকদের অংশগ্রহণের নিমিত্ত নির্ধারিত ওয়েবসাইটে অনলাইন রেজিস্ট্রেশন করার নির্দেশনা প্রদান করা হয়।
অভিভাষণ অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে পরিচয়পত্র ব্যতীত কোনো গণমাধ্যমকর্মী বা অন্য কাউকে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানানো হয়েছে। এছাড়া প্রধান বিচারপতির অভিভাষণসহ অনুষ্ঠানের যেকোনো অংশ টেলিভিশন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করা থেকে বিরত থাকার জন্যও সবাইকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
