শাপলা চত্বরের মামলায় হাসিনাসহ ৪১ আসামির শুনানি ৩ সেপ্টেম্বর
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০২:৫২ পিএম
ছবি : সংগৃহীত
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির পরবর্তী শুনানির জন্য ৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (১৬ আগস্ট) মামলাটি নিয়ে বিশেষ শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
এদিন সকালে কারাগারে থাকা মামলার ১১ আসামির মধ্যে ডা. দীপু মনিসহ ৯ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে হাজির করা ৯ আসামিসহ আরও দুই আসামিকে আগামী ৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন: বগুড়ার নয়, সে বাংলাদেশের ছেলে
এর আগে গত ২৭ জুলাই শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। একই দিন ট্রাইব্যুনাল অভিযোগটি আমলে নেন এবং পরবর্তী শুনানির জন্য ১৬ আগস্ট দিন ধার্য করেছিলেন।
সেই ধারাবাহিকতায় রোববার মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। পরে পরবর্তী শুনানির জন্য ৩ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।
মামলার নথি অনুযায়ী, শাপলা চত্বরের ঘটনায় এখন পর্যন্ত ৬১ জন নিহতের তালিকা পাওয়া গেছে। তাঁদের মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।
