প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, হাইকোর্টের রুল
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পিএম
ছবি : সংগৃহীত
জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক না রাখার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এসকে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আইনজীবী ইসরাত জাহান অমি এ বিষয়ে রিট আবেদন করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
রিটে বলা হয়, কোনো মাদকাসক্ত ব্যক্তি যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন, সে জন্য নির্বাচনি বিধিমালা সংশোধন করে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রয়োজন। এ পরীক্ষা সরকারি হাসপাতাল অথবা স্বীকৃত (সার্টিফায়েড) কোনো ল্যাবরেটরি থেকে করানোর প্রস্তাবও রাখা হয়েছে।
রিটের পক্ষে আদালতে শুনানি করেন রিটকারী আইনজীবী অনি নিজে। শুনানি শেষে তিনি বলেন, বর্তমান নির্বাচনি আইন ও বিধিমালায় প্রার্থীদের মাদক পরীক্ষার বিষয়ে স্পষ্ট কোনো বাধ্যবাধকতা নেই। অথচ সরকারি চাকরিজীবী ও পুলিশ সদস্যদের নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক রয়েছে।
তিনি বলেন, সংসদ সদস্য কিংবা স্থানীয় সরকারের জনপ্রতিনিধি—জনগণের প্রতিনিধিত্ব করবেন যারা, তাদের মাদকমুক্ত ও সুস্থ মানসিকতার (সাউন্ড মাইন্ড) হওয়া প্রয়োজন।
