×

মধ্যপ্রাচ্য

যেসব দেশে আটকে আছে ইরানের ১০ হাজার কোটি ডলার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:৩৮ পিএম

যেসব দেশে আটকে আছে ইরানের ১০ হাজার কোটি ডলার

ছবি : সংগৃহীত

বিদেশের বিভিন্ন দেশে ইরানের ১০ হাজার কোটি ডলারেরও বেশি সম্পদ আটকে রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় এই অর্থ ফেরত পাওয়ার বিষয়টি তেহরানের অন্যতম প্রধান দাবিতে পরিণত হয়েছে। চীন, ইরাক, কাতার ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে ব্যাংক হিসাব ও তহবিলে এসব অর্থ আটকে আছে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের নিষেধাজ্ঞা, উচ্চ মূল্যস্ফীতি এবং আন্তর্জাতিক অঙ্গনে বিচ্ছিন্ন অবস্থার কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে বিদেশে আটকে থাকা অন্তত ২৪ বিলিয়ন ডলার ধাপে ধাপে ছাড় করার দাবি জানিয়েছে ইরান।

তেহরানের দাবি অনুযায়ী, বিদেশে তাদের মোট আটকে থাকা সম্পদের পরিমাণ ১০০ বিলিয়ন ডলারেরও বেশি। যদিও বিভিন্ন সূত্রে এ হিসাব কিছুটা ভিন্ন হতে পারে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রাথমিক চুক্তি স্বাক্ষরের পর বিষয়টি আরো গুরুত্ব পেয়েছে। সম্ভাব্য দীর্ঘমেয়াদি সমঝোতার আওতায় নিষেধাজ্ঞা শিথিল, ইরানের তেল রপ্তানি পুনরায় চালু, আটকে থাকা সম্পদ ফেরত এবং পরমাণু কর্মসূচি ও হরমুজ প্রণালির নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে একটি কাঠামো গড়ে উঠতে পারে।

চীনে সবচেয়ে বেশি অর্থ

প্রতিবেদন অনুযায়ী, ইরানের আটকে থাকা সম্পদের সবচেয়ে বড় অংশ চীনে রয়েছে। এর পরিমাণ ২০ থেকে ৫০ বিলিয়ন ডলারের মধ্যে হতে পারে। মূলত বছরের পর বছর চীনের কাছে তেল বিক্রির মাধ্যমে এই অর্থ জমা হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চীন এখনও ইরানের সবচেয়ে বড় জ্বালানি ক্রেতা।

আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অধিকাংশ লেনদেন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন হওয়ায় নিষেধাজ্ঞার কারণে তেল বিক্রির অনেক অর্থ ইরানের হাতে পৌঁছায়নি। যদিও কিছু অর্থ চীনা পণ্য ও যন্ত্রপাতি আমদানিতে ব্যবহার করা হয়েছে, তবুও বড় অঙ্কের তহবিল এখনও আটকে রয়েছে।

কেন আটকে আছে এই অর্থ

ইরানের অধিকাংশ আটকে থাকা সম্পদ এসেছে তেল, গ্যাস ও বিদ্যুৎ বিক্রি থেকে। তবে মার্কিন নিষেধাজ্ঞার কারণে সংশ্লিষ্ট দেশগুলোর ব্যাংক ও সরকার এই অর্থ সরাসরি তেহরানে পাঠাতে পারছে না। কিছু তহবিল কেবল খাদ্য, ওষুধসহ মানবিক পণ্য কেনার কাজে ব্যবহার করা যায়। আবার অনেক ক্ষেত্রে অর্থ মার্কিন ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় সংরক্ষিত রয়েছে।

ইরাক, ভারত ও দক্ষিণ কোরিয়ায় কত অর্থ

ধারণা করা হয়, ইরাকে ইরানের প্রায় ১০ থেকে ১৫ বিলিয়ন ডলার আটকে আছে। দেশটি ইরান থেকে বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাস আমদানি করলেও নিষেধাজ্ঞার কারণে সেই অর্থ পুরোপুরি পরিশোধ করতে পারছে না। ভারত ও দক্ষিণ কোরিয়ায় পৃথকভাবে প্রায় ৭ বিলিয়ন ডলার করে আটকে রয়েছে। ২০১৮ সালে যুক্তরাষ্ট্র পুনরায় নিষেধাজ্ঞা আরোপের আগে দেশ দুটি ইরানি তেলের বড় ক্রেতা ছিল। পরে সেই অর্থ স্থানীয় ব্যাংকিং ব্যবস্থায় আটকে যায়।

২০২৩ সালে যুক্তরাষ্ট্র ও ইরানের বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা প্রায় ৬ বিলিয়ন ডলার কাতারে স্থানান্তর করা হয়। তবে ওই অর্থ মানবিক কাজে ব্যবহারের শর্তে রাখা হয়েছিল। পরবর্তীতে ইসরায়েলে হামাসের হামলার পর অর্থ ব্যবহারে আরো কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়।

এ ছাড়া জাপান, ওমান, লুক্সেমবার্গসহ আরো কয়েকটি দেশেও ইরানের কিছু সম্পদ আটকে রয়েছে বলে জানা গেছে।

আরো পড়ুন : যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা সমঝোতা: লাভের পাল্লা কার দিকে?

অর্থ ছাড়ে চাপ বাড়াচ্ছে তেহরান

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে ৬ থেকে ১২ বিলিয়ন ডলার ছাড় করার জন্য চাপ দিচ্ছিল ইরান। অন্যদিকে যুক্তরাষ্ট্র ধাপে ধাপে অর্থ ছাড়ের পক্ষে অবস্থান নিয়েছে এবং তা মানবিক ব্যয় ও চুক্তি বাস্তবায়নের সঙ্গে যুক্ত করতে চায়।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সমঝোতা স্মারকের অংশ হিসেবে ইরানি কর্মকর্তারা অন্তত ২৪ বিলিয়ন ডলার ফেরত পাওয়ার চেষ্টা করছেন। ট্রাম্প প্রশাসনের প্রকাশিত সমঝোতা স্মারকেও ইরানের জব্দ সম্পদ উন্মুক্ত করার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

কেন গুরুত্বপূর্ণ এই অর্থ

ওয়াশিংটনের সঙ্গে আলোচনার অংশ হিসেবে ইরান এখন অন্তত ২৪ বিলিয়ন ডলার ফেরত চাইছে। অর্থনীতিবিদদের মতে, এই সম্পদ ফেরত পেলে নিষেধাজ্ঞার চাপে থাকা ইরানের অর্থনীতি নতুন গতি পেতে পারে। একই সঙ্গে এসব অর্থ তেহরানের মুদ্রার মান স্থিতিশীল করা, আমদানি ব্যয় মেটানো এবং অর্থনৈতিক পুনরুদ্ধার ত্বরান্বিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে

মেসিকে দলে নেওয়ার কথা ভাবছেন ব্রাজিলের প্রেসিডেন্ট!

মেসিকে দলে নেওয়ার কথা ভাবছেন ব্রাজিলের প্রেসিডেন্ট!

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার ১৪ দফা চুক্তিতে কী আছে?

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার ১৪ দফা চুক্তিতে কী আছে?

নিরাপত্তার ঘেরাটোপে সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন না করার আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তার ঘেরাটোপে সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন না করার আহ্বান প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App