সরিষাবাড়ীতে জনদুর্ভোগ লাঘবে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার
মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর)
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১১:৫৬ পিএম
ছবি : সংগৃহীত
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রিজ থেকে মিমকো জুটমিল ও পোগলদিঘা মডেল উচ্চ বিদ্যালয়গামী গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। সড়কজুড়ে বড় বড় গর্ত ও খানাখন্দের কারণে শিক্ষার্থী, রোগীসহ সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। দীর্ঘদিনের এই দুর্ভোগ লাঘবে নিজস্ব অর্থায়নে সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ লিটন তালুকদার।
সরেজমিনে দেখা যায়, বয়ড়া ব্রিজপাড় থেকে মিমকো জুটমিল হয়ে পোগলদিঘা মডেল উচ্চ বিদ্যালয়, গোবিন্দপটল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও যমুনা সিটি পার্কগামী সড়কটির বিভিন্ন অংশে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি দিয়ে মানুষের চলাচল প্রায় দুরূহ হয়ে পড়েছিল।
এ অবস্থায় বিষয়টি জানতে পেরে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদার নিজস্ব অর্থায়নে সড়কটি সংস্কারের উদ্যোগ নেন। তাঁর উদ্যোগে রাস্তা মেরামতের কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
রাস্তা সংস্কারকাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু, সহসভাপতি মজিবর রহমান লিটন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহাগ, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুজল মাহমুদ, শ্রমিক দলের যুববিষয়ক সম্পাদক হাসান তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে তাদের দুর্ভোগ পোহাতে হয়েছে। ব্যক্তিগত অর্থায়নে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়ায় তারা লিটন তালুকদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ উদ্যোগকে সাধুবাদ জানান।
এ বিষয়ে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদার বলেন, “জনগণের দুর্ভোগ দেখে আমি নিজস্ব অর্থায়নে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছি। এটি আমার এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। আমি বিশ্বাস করি, রাজনৈতিক দায়িত্বের বাইরেও সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সেই জায়গা থেকেই আমি এই ক্ষুদ্র প্রয়াস চালিয়েছি।”
