ন্যায়বিচার ও ভূমিদস্যুর শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৮:২৯ পিএম
ছবি: ভোরের কাগজ
জামালপুরের সরিষাবাড়ীতে ন্যায়বিচার ও ভূমিদস্যুর গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সড়কে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন। অভিযুক্ত ভূমিদস্যু হলেন মোয়াজ্জেম হোসেন মন্টু।
স্থানীয় সূত্রে জানা যায়, গেন্দারপাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিন মৌলভীর ছেলে ও পশু চিকিৎসক মোয়াজ্জেম হোসেন মন্টু দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জমিজমা জবরদখল, কম জমি কিনে বেশি দলিল করা, মিথ্যা ও ভুয়া মালিক সাজিয়ে জমি কেনা, স্থানীয়দের মারধর ও হুমকি-ধামকি দিয়ে আসছেন।
আরও পড়ুন: ‘এত উত্তেজনা শরীরের পক্ষে ভালো নয়’, ছাত্রলীগ নেত্রীকে ছাত্রদল নেত্রী
ভুক্তভোগীদের অভিযোগ, তাদের পৈতৃক সম্পত্তি কিংবা কেনা জমির ওপর মোয়াজ্জেম হোসেন মন্টু ও তার লোকজন অন্যায়ভাবে অধিকার খাটিয়ে তাদের বিভিন্নভাবে হয়রানি করছে। অবশেষে এর প্রতিবাদে ও প্রতিকার চেয়ে রাস্তায় নেমেছেন গ্রামবাসীরা।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় ভুক্তভোগী জাহিদ হাসান সৌরভ, নাজমা বেগম, জালাল মিয়া, সাইদুর রহমান মানিক, লোকমান হোসেন প্রমুখ।
