×

জাতীয়

ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখী নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৫:০৩ পিএম

ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখী নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা

ছবি : সংগৃহীত

চলতি মে মাসের দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানান, ১৫ মে’র পর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপগুলোর মধ্যে একটি শক্তিশালী হয়ে নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

এছাড়া মে মাসজুড়ে দেশে ৫ থেকে ৮ দিন কালবৈশাখী ও বজ্রঝড় হতে পারে। এর মধ্যে ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে দীর্ঘমেয়াদি পূর্বাভাস নিয়ে অনুষ্ঠিত বিশেষজ্ঞ কমিটির সভার বরাত দিয়ে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) ও কমিটির চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম বলেন, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তবে বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

বিভাগভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, সিলেট বিভাগে সর্বাধিক ৫২০ থেকে ৫৪০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ময়মনসিংহ বিভাগে ৩৪০ থেকে ৩৬০ মিলিমিটার, চট্টগ্রাম বিভাগে ৩৩০ থেকে ৩৫০ মিলিমিটার, রংপুর বিভাগে ২৬০ থেকে ২৮০ মিলিমিটার এবং ঢাকা বিভাগে ২৫০ থেকে ২৭০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে বরিশাল বিভাগে ২২০ থেকে ২৫০ মিলিমিটার, রাজশাহী বিভাগে ১৭০ থেকে ১৯০ মিলিমিটার এবং খুলনা বিভাগে ১৬০ থেকে ১৮০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, এ মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ১ থেকে ৩ দফা মৃদু অথবা মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি তীব্র তাপপ্রবাহে রূপ নিতে পারে এবং তখন তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

নদ-নদীর পরিস্থিতি নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে দেশের প্রধান নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে। তবে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে সাময়িকভাবে নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে।

কৃষি আবহাওয়া সম্পর্কিত পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ৩ দশমিক ৫ থেকে ৫ দশমিক ৫ মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল সাড়ে ৫ ঘণ্টা থেকে সাড়ে ৭ ঘণ্টা পর্যন্ত থাকতে পারে। আবহাওয়াবিদদের মতে, বর্তমান বৃষ্টিপাত ও মাটির আর্দ্রতা কৃষিকাজের জন্য সহায়ক হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে সারাদেশে স্বাভাবিকের তুলনায় প্রায় ৭৫ দশমিক ৭ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রায় সব বিভাগেই স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে, যদিও রাজশাহী বিভাগে বৃষ্টিপাত ছিল প্রায় স্বাভাবিক।

সবচেয়ে বেশি বৃষ্টিপাতের বিচ্যুতি দেখা গেছে বরিশাল বিভাগে, যেখানে স্বাভাবিকের তুলনায় প্রায় ১৬৯ দশমিক ৫ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগে ১৫০ দশমিক ৯ শতাংশ এবং সিলেট বিভাগে ১০৪ দশমিক ৪ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

ঢাকা বিভাগে স্বাভাবিক ১১৯ মিলিমিটারের বিপরীতে ২১৩ মিলিমিটার এবং সিলেটে স্বাভাবিক ২৯৫ মিলিমিটারের বিপরীতে ৬০৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, পশ্চিমা লঘুচাপ ও পূবালী বায়ুপ্রবাহের প্রভাবে এপ্রিল মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে ৬ থেকে ৯ এপ্রিল এবং ২৬ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের অনেক এলাকায় বজ্রপাত, দমকা হাওয়া ও শিলাবৃষ্টি হয়েছে।

এপ্রিল মাসে সর্বোচ্চ একদিনের বৃষ্টিপাত রেকর্ড করা হয় কিশোরগঞ্জের নিকলীতে। গত ২৮ এপ্রিল সেখানে ১৬০ মিলিমিটার বৃষ্টি হয়।

এদিকে এপ্রিলজুড়ে কয়েক দফা তাপপ্রবাহও বয়ে যায়। ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাঞ্চলে তাপীয় লঘুচাপের কারণে ১ থেকে ৪ এপ্রিল, ১২ থেকে ১৫ এপ্রিল, ১৭ থেকে ১৯ এপ্রিল এবং ২০ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অনুভূত হয়।

এপ্রিল মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে, যেখানে গত ২২ এপ্রিল তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় রাঙ্গামাটিতে, ১৬ ডিগ্রি সেলসিয়াস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নব্বইয়ের প্রেম ও নস্টালজিয়ায় নির্মিত চলচ্চিত্র ‘লাভ ৯৬’

নব্বইয়ের প্রেম ও নস্টালজিয়ায় নির্মিত চলচ্চিত্র ‘লাভ ৯৬’

বিএনপি-যুবলীগ সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু

সুনামগঞ্জ বিএনপি-যুবলীগ সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু

দীর্ঘ ৮ বছর পর বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

দীর্ঘ ৮ বছর পর বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

বিপাকে আখচাষিরা, শ্রমিক-কর্মচারীদের মানবেতর জীবন

৬ বছর ধরে বন্ধ রংপুর চিনিকল বিপাকে আখচাষিরা, শ্রমিক-কর্মচারীদের মানবেতর জীবন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App