সাধারণ মানুষকে হয়রানি না করার নির্দেশ গৃহায়ন মন্ত্রীর
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৬:৩২ পিএম
ছবি : সংগৃহীত
সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের কোনো ধরনের হয়রানি না করার নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের।
বুধবার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ-এর সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কার্যক্রম ও ভূমি ব্যবস্থাপনা পর্যায়ক্রমে ডিজিটালাইজেশন করা হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির যেকোনো ইতিবাচক উদ্যোগ বাস্তবায়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, অতিরিক্ত অর্থলোভ সমাজে নৈতিকতা, মানবিকতা ও সামাজিক মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর সমাজ গড়ে তুলতে আত্মসমালোচনা, আত্মশুদ্ধি এবং সততার চর্চার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন আহম্মদ সোহেল মনজুর, অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম।
সভায় প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সাধারণ মানুষের আবাসনের স্বপ্ন পূরণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ সেবাধর্মী প্রতিষ্ঠান। একজন মানুষ সারাজীবনের সঞ্চয় ব্যয় করে একটি ফ্ল্যাট বা প্লট কিনে থাকেন। তাই মালিকানা হস্তান্তরসহ সংশ্লিষ্ট সব সেবা দ্রুত, সহজ ও হয়রানিমুক্তভাবে নিশ্চিত করা জরুরি।
এছাড়া সভায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য আলমগীর হুছাইন, এস এম সোহরাব হোসেন, প্রকৌশলী এ কে এম শাহজালাল মজুমদার ও মো. আব্দুল গোফফারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কার্যক্রম নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন পরিচালক ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন। পরে কর্মকর্তারা তাদের কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।
