মির্জা ফখরুল
জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৯:৫৮ পিএম
ছবি : সংগৃহীত
স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত একটি অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। সভাটি স্থানীয় সরকার বিভাগ ও বিভিন্ন সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার জন্য আয়োজন করা হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের কল্যাণই সরকারের উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য। জনগণের অর্থের এক টাকাও যাতে অপচয় না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, প্রতিটি উন্নয়ন প্রকল্প জনগণের স্বার্থে গ্রহণ করা হয় এবং জনগণের টাকায়ই বাস্তবায়ন করা হয়। তাই প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে প্রকল্প ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখার ওপর তিনি গুরুত্ব দেন।
মন্ত্রী সতর্ক করে বলেন, উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে সরকারের ভাবমূর্তি যেমন উজ্জ্বল হয়, তেমনি অনিয়ম বা অব্যবস্থাপনা পুরো মন্ত্রণালয়ের সুনাম ক্ষুণ্ন করতে পারে। এ কারণে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার পাশাপাশি জনসেবার মান বাড়াতে আধুনিক ও টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান। এতে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রতিনিধি এবং উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন। সভায় চলমান প্রকল্পগুলোর অগ্রগতি, ব্যয় ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
