×

জাতীয়

স্বাস্থ্যমন্ত্রী

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১০:০৭ পিএম

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না

ছবি : সংগৃহীত

আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, এ ঘটনায় জড়িত কেউ আইনের বাইরে থাকবে না এবং অপরাধ প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

বুধবার (৩ জুন) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ময়নাতদন্ত ছাড়া মামলা হলে অনেক ক্ষেত্রে অভিযুক্তরা আইনি সুবিধা পাওয়ার সুযোগ সৃষ্টি হয়। তবে আদ-দ্বীন হাসপাতালে নবজাতকদের মৃত্যুর ঘটনায় সে ধরনের কোনো সুযোগ থাকবে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দেশের শিশুস্বাস্থ্যসেবা সম্প্রসারণের অংশ হিসেবে আগামী ছয় মাসের মধ্যে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী বিভাগ এবং কুমিল্লায় ২০০ শয্যাবিশিষ্ট পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণের কাজ এগিয়ে চলছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, প্রতিটি হাসপাতালে একটি করে আইসিইউ থাকবে। হাসপাতালগুলোর প্রয়োজনীয় আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের দরপত্র প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রতিটি হাসপাতালের জন্য প্রায় ১ হাজার ৪৭৫ জন জনবল প্রয়োজন হবে। এসব প্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ জনবল নিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রী ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে নতুন আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, ভবিষ্যৎ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আবাসন সুবিধা উন্নত করতে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ প্রকল্পের নকশা ও পরিকল্পনা গণপূর্ত মন্ত্রণালয় প্রস্তুত করেছে এবং শিগগিরই দরপত্র আহ্বান করা হবে।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের কয়েকটি পুরোনো ভবনের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, হাসপাতালের দুই থেকে তিনটি ভবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। পূর্বে বিভিন্নভাবে সাবলেট দেওয়া এসব স্থাপনা উচ্ছেদ করে ভবনগুলো পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। সেখানে আধুনিক হাসপাতাল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।

মাতৃস্বাস্থ্য ও নারীস্বাস্থ্যসেবা জোরদারে চীন ও বাংলাদেশের যৌথ উদ্যোগে পাঁচটি আধুনিক বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।

তিনি বলেন, চীনের অর্থায়নে দেশের পাঁচটি বড় শহর বা শহরসংলগ্ন এলাকায় এক হাজার শয্যাবিশিষ্ট পাঁচটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। এসব হাসপাতাল নারীদের জন্য বিশেষায়িত সেবা প্রদান করবে। চলতি অর্থবছরের মধ্যেই নির্মাণকাজ শুরু হওয়ার আশা করা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের ৬ থেকে ১০টি উপজেলায় পরীক্ষামূলকভাবে ঘরে ঘরে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার কার্যক্রম চালু করা হবে। সফল হলে পরবর্তী সময়ে এটি দেশব্যাপী সম্প্রসারণ করা হবে।

ডেঙ্গু ও হাম প্রতিরোধে সরকারের প্রস্তুতির কথাও উল্লেখ করেন তিনি। বলেন, ডেঙ্গুর নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুতি রয়েছে। পাশাপাশি ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালগুলোতে মোট শয্যার অন্তত ১০ শতাংশ সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন, দীর্ঘদিনের দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে দেশের স্বাস্থ্যখাত প্রত্যাশিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে।

তিনি বলেন, অতীতের দুর্নীতির সংস্কৃতি থেকে বেরিয়ে একটি জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। জনগণের জন্য কার্যকর ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জঙ্গল সলিমপুর নিয়ে যা বললেন এসপি মাসুদ

জঙ্গল সলিমপুর নিয়ে যা বললেন এসপি মাসুদ

প্রথমবার সৌদি আরবে অমুসলিম রাষ্ট্রদূত নিয়োগ দিল ভারত

প্রথমবার সৌদি আরবে অমুসলিম রাষ্ট্রদূত নিয়োগ দিল ভারত

মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

ইসলামী ব্যাংক নিয়ে টানাটানি করার সুযোগ দেয়া হবে না

জামায়াত আমির ইসলামী ব্যাংক নিয়ে টানাটানি করার সুযোগ দেয়া হবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App