ডিভাইডারে ধাক্কা লেগে বাস উল্টে হেলপার নিহত
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০২:১৬ পিএম
ছবি: ফাইল ফটো
রাজধানীতে রোড ডিভাইডারের (সড়ক বিভাজক) সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী বাস উল্টে বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের দুই যাত্রী আহত হন।
শনিবার (৬ জুন) ভোরে মহাখালী এলাকায় ঢাকা-নেত্রকোণা রুটে চলাচলকারী ‘ভাটি বাংলা এক্সপ্রেস’ কোম্পানির একটি বাস এই দুর্ঘটনায় পড়ে।
নিহত হেলপারের নাম রফিকুল ইসলাম (৩৫), তিনি ময়মনসিংহ সদর এলাকার নুরু আলমের ছেলে। আহতরা বাসযাত্রীরা হলেন রনি (২৫) ও ফিরোজ (৪০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-ব-১৫-৯৪৪১ নম্বরের ‘ভাটি বাংলা এক্সপ্রেস’-এর একটি বাস সকাল ৬টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ওই বাসের হেলপার রফিক এবং যাত্রী রনি ও ফিরোজ আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ি কেটে আহতদের উদ্ধার করেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক রফিককে মৃত ঘোষণা করেন।
রফিকের ভগ্নিপতি মো. রনি জানান, তিন দিন আগে কাজে এসেছিলেন রফিক। তার বাড়ি ময়মনসিংহ সদর উপজেলায়। শনিবার সকালেই রফিকের বাড়ি ফেরার কথা ছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। আহতরা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
