মার্কিন রাষ্ট্রদূত
দুই দেশের মানুষে মানুষে সম্পর্ক জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৮:২৯ পিএম
ছবি; সংগৃহীত
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘আমেরিকা সপ্তাহ’ কর্মসূচির মাধ্যমে দুই দেশের মানুষে-মানুষে সম্পর্ক আরও গভীর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকালে রাজধানীর গুলশান-২ এলাকার বিচারপতি সাহাবুদ্দিন আহমদ পার্কে মার্কিন দূতাবাসের উদ্যোগে আয়োজিত ‘আমেরিকান ফেয়ার ইন দ্য পার্ক’ অনুষ্ঠান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের ইতিহাস শুধু দেশটির নয়, এটি বিশ্বের অনেক জাতিকে অনুপ্রাণিত করেছে। তাঁর মতে, বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামও স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের সেই বৈশ্বিক চেতনার অংশ।
তিনি আরও বলেন, ২৫০ বছর আগে যুক্তরাষ্ট্রের ৫৬ জন প্রতিষ্ঠাতা স্বাধীনতা ও আত্মশাসনের আদর্শ প্রতিষ্ঠার জন্য বড় ধরনের ত্যাগ স্বীকার করেছিলেন। সেই ইতিহাস, মূল্যবোধ ও আদর্শ বাংলাদেশের মানুষের সঙ্গে আরও বেশি ভাগাভাগি করতে চায় যুক্তরাষ্ট্র।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র যেমন নিজেদের ইতিহাস ও সংস্কৃতি বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরতে চায়, তেমনি বাংলাদেশের সংস্কৃতি ও জনগণকে আরও কাছ থেকে জানতেও আগ্রহী।
‘আমেরিকা সপ্তাহ’ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলে কর্মসূচির কথাও জানান তিনি। ঢাকার আয়োজন শেষে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব উদ্যোগের মাধ্যমে দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও বোঝাপড়া আরও বাড়বে।
তিনি বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য হলো বাংলাদেশকে আরও ভালোভাবে জানা এবং একই সঙ্গে বাংলাদেশের মানুষের কাছে যুক্তরাষ্ট্রকে আরও কাছ থেকে তুলে ধরা।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে দেশটির ইতিহাস, সংস্কৃতি ও গণতান্ত্রিক মূল্যবোধ বিভিন্ন প্রদর্শনী ও তথ্যভিত্তিক স্টলের মাধ্যমে তুলে ধরা হয়। দর্শনার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ইতিহাস, গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা এবং গণতান্ত্রিক বিকাশের নানা দিক উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ২৫তম ইনফ্যান্ট্রি ডিভিশনের (২৫ আইডি) ইউএস আর্মি ব্যান্ড বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা করে।
আয়োজনের সহযোগী প্রতিষ্ঠান গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত বলেন, গুলশান এলাকায় বিভিন্ন দেশের দূতাবাস থাকায় পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক আরও জোরদারে কাজ করতে চায় সংগঠনটি।
