সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ ভাতা কমছে না
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৮:৫০ পিএম
ছবি : সংগৃহীত
উপসচিব থেকে শুরু করে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের মাসিক গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২৫ হাজার টাকায় নামানোর যে উদ্যোগ নেওয়া হয়েছিল, শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হচ্ছে না। ফলে আগের মতোই মাসিক ৫০ হাজার টাকার রক্ষণাবেক্ষণ ভাতা বহাল থাকছে। এই সুবিধা শুধু বেসামরিক সরকারি কর্মকর্তারাই নন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং সশস্ত্র বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারাও পেয়ে থাকেন।
গাড়ির রক্ষণাবেক্ষণ ভাতা কমানোর বিষয়ে অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যে গত এক সপ্তাহ ধরে চিঠি চালাচালি হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে অসন্তোষও দেখা দেয়।
এরই ধারাবাহিকতায়, গত ৯ জুলাই অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো প্রস্তাবের বিষয়ে আর কোনো কার্যক্রম গ্রহণ না করতে বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে অর্থ বিভাগের। এর ফলে মাসিক ৫০ হাজার টাকার রক্ষণাবেক্ষণ ভাতা অপরিবর্তিত থাকছে।
এদিকে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় সশস্ত্র বাহিনী বিভাগ, নির্বাচন কমিশন, জুডিশিয়াল সার্ভিসসহ সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
এর আগে প্রাধিকারভুক্ত সরকারি কর্মকর্তারা গাড়ি কেনার জন্য ৩০ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ পেতেন। গত ৯ জুলাই সরকার সেই সুবিধা বাতিল করে। একই সঙ্গে সুদমুক্ত ঋণে কেনা গাড়ির রক্ষণাবেক্ষণের জন্য মাসিক ৫০ হাজার টাকা ভাতা দেওয়া হতো, যা কমিয়ে ২৫ হাজার টাকা করার বিষয়ে ১৩ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দেয় অর্থ বিভাগ।
তবে রক্ষণাবেক্ষণ ব্যয় কীভাবে কমানো সম্ভব, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওপরই ছেড়ে দেওয়া হয়েছিল।
রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করার অনুরোধ জানিয়ে অর্থ বিভাগের চিঠিতে বলা হয়, সীমিত সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে সুদমুক্ত ঋণে গাড়ি কিনে রক্ষণাবেক্ষণ ভাতা পাওয়া সরকারি কর্মকর্তাদের এই আর্থিক সুবিধা কিছুটা কমানোর সুযোগ রয়েছে।
