মন্ত্রিসভায় রদবদল প্রসঙ্গে যা জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৪:৪৭ পিএম
সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজন মনে করলে মন্ত্রিসভার সদস্যদের দপ্তর পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে দায়িত্ব দিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে সরকারের ১৮০ দিন পূর্তির পরই এমন কোনো রদবদল হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
জাহেদ উর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী একটি মন্ত্রিসভা ও একটি উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। তার সঙ্গে বিভিন্ন সময়ে আলাপচারিতায় আমার যেটা মনে হয়েছে, তিনি যদি কখনো মনে করেন কোনো মন্ত্রী বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছেন না, তাহলে প্রয়োজন অনুযায়ী দপ্তর পুনর্বণ্টন বা নতুন কাউকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন।’
আরো পড়ুন: প্রবাসী কার্ডধারীদের জন্য সুখবর দিলেন বিমান ও পর্যটন মন্ত্রী
তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জনগণের কল্যাণ। প্রধানমন্ত্রী হিসেবে তিনি যদি মনে করেন কোনো সিদ্ধান্ত আরও ভালোভাবে নেওয়ার সুযোগ রয়েছে, তাহলে তিনি তা করবেন। ব্যক্তিগতভাবে তার সঙ্গে কথা বলে আমার এমনটাই মনে হয়েছে।’
তবে সরকারের ১৮০ দিন পূর্ণ হওয়ার পরপরই মন্ত্রিসভায় রদবদল হবে—এমন কোনো সিদ্ধান্ত এখনো হয়নি বলেও স্পষ্ট করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।
গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করে। বর্তমানে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়াও রয়েছেন ২৪ জন পূর্ণমন্ত্রী, ২৩ জন প্রতিমন্ত্রী এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জন উপদেষ্টা। প্রচলিত কার্যবিধি অনুযায়ী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত।
আরো পড়ুন: জনগণের কল্যাণ সাধন করাই সরকারের প্রধান লক্ষ্য: তথ্য উপদেষ্টা
সংবাদ সম্মেলনে জাহেদ উর রহমান আরও জানান, সাইবার বুলিং ও অপতথ্য মোকাবিলায় আইনগত বিষয় দেখভালের জন্য একটি আইনজীবী প্যানেল গঠন করা হচ্ছে। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন চলতি সপ্তাহের মধ্যেই জারি হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ উপস্থিত ছিলেন।
