স্বৈরাশাসক ১৭ বছরে ডাক্তার রিক্রুট করে নাই: স্বাস্থ্যমন্ত্রী
মসিউর ফিরোজ, সাতক্ষীরা
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৬:০৫ পিএম
ছবি: সংগৃহীত
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন বলেছেন, গত ১৭ বছরের স্বৈরাশাসক ডাক্তার রিক্রুট করে নাই, কোনো দিক খেয়াল করে নাই, সেই কারণে সমস্যাটা তৈরি হয়েছে। তারপরেও আমাদের এখানকার ডাক্তাররা জন-প্রত্যাশার ভিড়ের ভিতরেও চেষ্টা করে যাচ্ছে।
রোববার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী আকস্মিক সাতক্ষীরায় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এবং পরিদর্শন শেষে এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা আরো কয়েকটি হাসপাতাল ভিজিট করেছি। আমাদের এখানে যতগুলো ডাক্তার প্রয়োজন, সেই সংখ্যা রোগীর আনুপাতের সংখ্যায় সারা বাংলাদেশে ডাক্তার কম। আমি রান্নাঘর, বাথরুম দেখেছি, অ্যাটেনডেন্স দেখেছি। দেখে ডাক্তার সোহানা সেলিম বিনা নোটিশে এক মাসের বেশি ছুটিতে আছে। উনাকে টারমিনেট করার জন্য বলেছি। মোটামুটি ব্যবস্থাপনা ভালো পেয়েছি, সীমাবদ্ধতার ভিতরেও ভালো পেয়েছি।
আরও পড়ুন: ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে ঘুষ নিলেন পুলিশ, তোলপাড়

এর আগে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেখেছি, ওখানে চুরির একটা ঘটনা ঘটেছে, সিকিউরিটি গার্ডকে সাসপেন্ড করার জন্য বলেছি। একজন ডাক্তারকে ক্লোজ করার জন্য বলেছি।
তিনি আরো বলেন, দেশের সকল ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০০ শয্যায় রূপান্তরিত করতে যাচ্ছি। জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি ডায়ালাইসিস মেশিন দিতে যাচ্ছি। এ ছাড়া প্রতিটি জেলা হাসপাতালে ১০টি করে ডায়ালাইসিস মেশিন দিতে যাচ্ছি। প্রতিটি উপজেলায় ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল হচ্ছে। পরবর্তীতে আমরা মানুষের চাহিদা অনুযায়ী ১০ শয্যা হাসপাতালের ডায়ালাইসিস সেবা দেবে। এর মধ্যে উপজেলা হাসপাতালগুলোতে ১০১ শয্যায় করা হচ্ছে। এর মধ্যে দুইটা বিভাগ করা হচ্ছে। পুরুষরা পুরুষের থেরাপি দেবে। আর মেয়েরা মেয়েদের থেরাপি দেবে। এছাড়াও প্রত্যেকটা উপজেলায় মডার্ন টেকনোলজি করা হচ্ছে। ইউনিয়ন হেলথ কমপ্লেক্স, ইউনিয়ন ফ্যামিলি প্ল্যানিং সেন্টার নতুন করে পিপিবি স্ট্রাকচারে চলে যাব।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হেলথ কার্ড আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখছেন। এটা উচ্চতর টেকনিক্যাল কাজ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দিতে হবে। ইতিমধ্যে আমাদের অনেকটা কাজ সম্পন্ন হয়েছে। এটা নিয়ে কাজ চলছে। আশা করি খুব তাড়াতাড়ি আমরা কার্ড দেওয়া শুরু করব। আপনারা জানেন, আমরা ব্যাপক হারে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড বিতরণ করা শুরু করেছি।
