তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, জাপানের সহযোগিতা চাইল সরকার
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৪:০৫ পিএম
ছবি: সংগৃহীত
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা এইচ. ই. মি. উনো ইয়োশিমাসা। সাক্ষাতে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বাংলাদেশের অবকাঠামো ও উন্নয়ন কর্মকাণ্ডে জাপানের অবদান নিয়ে আলোচনা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে উদ্বোধনের জন্য সরকারের পক্ষ থেকে সব প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হবে।
আরও পড়ুন: স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে স্বামীকে হত্যা
প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, ১৬ ডিসেম্বরকে সম্ভাব্য উদ্বোধনের তারিখ ধরে তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতির অংশ হিসেবে দ্রুত অপারেশনাল রেডিনেস অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফার (ওআরএটি) কার্যক্রম শুরু করা জরুরি। তিনি বলেন, ওআরএটি কার্যক্রম শুরু করতে জাপানিজ স্টেকহোল্ডার ওয়ার্কিং গ্রুপের (জাপানিজ এসডব্লিউজি) পক্ষ থেকে আগামী মাসে দরপত্র দাখিল সম্পন্ন হওয়া প্রয়োজন।

প্রতিমন্ত্রী আরও বলেন, জাপান বাংলাদেশের অন্যতম পুরোনো ও বিশ্বস্ত উন্নয়ন অংশীদার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজেও জাপানি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। নির্ধারিত সময়ে টার্মিনালটি জনগণের জন্য উন্মুক্ত করতে তিনি জাপানের সার্বিক সহযোগিতা কামনা করেন।
জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পসহ চলমান বিভিন্ন উদ্যোগে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎ শেষে পুনরায় ঢাকা-নারিতা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট পরিচালনা উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার হাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের একটি প্রতিকৃতি (মডেল) তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
