জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৬:০৭ পিএম
ছবি : সংগৃহীত
পুলিশসহ বিভিন্ন সরকারি কর্মকর্তার নাম-পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থ দাবি ও তদবিরের নামে প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশিত এক সতর্কবার্তায় এ আহ্বান জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র পুলিশ এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিদের নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা পাঠাচ্ছে। এসব বার্তার মাধ্যমে তারা অর্থ দাবি করছে এবং বিভিন্ন ধরনের তদবিরের চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশের ভাষ্য, এ ধরনের প্রতারণার মাধ্যমে একদিকে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে।
আরও পড়ুন: গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর চিঠি
পুলিশ সদর দপ্তর আরও জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো সরকারি কর্মকর্তার ছবি বা পরিচয় ব্যবহার করা হয়েছে বলেই সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বা মোবাইল নম্বরটি ওই কর্মকর্তার এমনটি ধরে নেওয়া ঠিক নয়। তাই এ ধরনের বার্তা বা অনুরোধে কোনোভাবেই সাড়া না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।
কোনো ব্যক্তি যদি এ ধরনের প্রতারণামূলক বার্তা পান, তাহলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করার পাশাপাশি সিআইডির সাইবার পুলিশ সেন্টার অথবা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) কার্যালয়ে বিষয়টি জানানোর পরামর্শ দিয়েছে পুলিশ।
