×

জাতীয়

অপারেশন শরতের তুফান

বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৮:২০ পিএম

বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন

ছবি : সংগৃহীত

গাজীপুরের পাতারটেকে কথিত ‘জঙ্গি নাটক’ সাজিয়ে সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (চার্জ) গঠন করে বিচার শুরুর আবেদন জানিয়েছে প্রসিকিউশন।

রোববার (২ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এ সময় প্রসিকিউটর সুলতান মাহমুদ, সহিদুল ইসলাম সরদার, আবদুস সাত্তার পালোয়ান, মামুনুর রশিদ ও মার্জিনা রায়হান উপস্থিত ছিলেন।

শুনানিতে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, শেখ হাসিনার শাসনামলে দেশজুড়ে একই ধরনের পদ্ধতিতে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। তার দাবি, ভিন্ন রাজনৈতিক মত ও ইসলামী মতাদর্শের অনুসারীদের দমনে গুম, বিচারবহির্ভূত হত্যা এবং ভয়ভীতির একটি সংস্কৃতি গড়ে তোলা হয়েছিল।

তিনি বলেন, সে সময় ক্ষমতাসীনদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলা বা লেখালেখি করা কঠিন ছিল। কারও সমালোচনা করলে তাকে বিভিন্ন বাহিনীর গোপন বন্দিশালায় আটকে রাখার অভিযোগও তুলে ধরেন তিনি।

গুমের শিকার পরিবারগুলোর প্রসঙ্গ উল্লেখ করে তামিম বলেন, অনেক পরিবার বাধ্য হয়ে বলতেন, “আমার ছেলেকে জেলে দিন, তবু ক্রসফায়ারে দেবেন না।” তার ভাষ্য, এরপরও অনেককে কথিত বন্দুকযুদ্ধের ঘটনা সাজিয়ে হত্যা করা হতো এবং মরদেহ বিভিন্ন স্থানে ফেলে রাখা হতো। তিনি আরও দাবি করেন, সে সময় জঙ্গিবাদ ইস্যুকে সামনে রেখে আন্তর্জাতিক অঙ্গনে ভিন্ন বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। অথচ জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এসব ঘটনাকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে।

আরো পড়ুন: ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ

পাতারটেকের ঘটনাকে কেন্দ্র করে প্রসিকিউশন জানায়, দেশের বিভিন্ন এলাকা থেকে সাতজনকে তুলে নিয়ে বগুড়ায় পুলিশের একটি গোপন বন্দিশালায় আটকে রাখা হয়। পরে ২০১৬ সালের ৮ অক্টোবর গাজীপুরের নোয়াগাঁও পাতারটেক এলাকায় সোলায়মান সরকারের বাড়িতে নিয়ে গিয়ে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের নেতৃত্বে পরিচালিত ‘অপারেশন শরতের তুফান’-এর নামে তাদের গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়।

প্রসিকিউশনের দাবি, ঘটনার পর নিহতদের পরিবারের সদস্যরা মরদেহ নিতে গেলে তাদের বিরুদ্ধেও তদন্তের হুমকি দেওয়া হয়েছিল। এতে অনেক পরিবার মরদেহ গ্রহণে সাহস পায়নি। নিহত সাতজনের মধ্যে চারজনের পরিচয় এখনো শনাক্ত হয়নি। অন্য তিনজন হলেন মো. ইবরাহীম, ফরিদুল ইসলাম আকাশ ও সাইফুর রহমান। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর ইবরাহীমের বাবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন।

প্রসিকিউটর তামিম অভিযোগ করেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ক্ষমতা ধরে রাখার উদ্দেশ্যে বলপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যার মতো অপরাধ সংঘটিত হয়েছে। এ কারণেই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করার আবেদন জানানো হয়েছে।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতির (ডিসচার্জ) আবেদন প্রস্তুতের জন্য সময় চান। আইনজীবী সিফাত মাহমুদ শুভ আদালতকে জানান, প্রসিকিউশনের প্রয়োজনীয় কাগজপত্র দেরিতে পাওয়ায় প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় প্রয়োজন। এ বিষয়ে প্রসিকিউশনের আপত্তি না থাকায় ট্রাইব্যুনাল আসামিপক্ষের শুনানির জন্য আগামী ১০ আগস্ট দিন নির্ধারণ করেন।

মামলার অন্য আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক এসবি প্রধান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাবেক সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, বগুড়ার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান, গাজীপুরের সাবেক পুলিশ সুপার ও ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ, বগুড়ার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল এবং সিটিটিসির সাবেক সহকারী পুলিশ কমিশনার (সোয়াট টিম লিডার) এসএম জাহাঙ্গীর হাছান।

বর্তমানে এ মামলায় সাবেক আইজিপি শহীদুল হক ও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। শুনানির জন্য তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি এই ১০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না

মাহফুজ আলম নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না

রাশিয়ায় পড়তে গিয়ে লাশ হয়ে ফিরলেন কুষ্টিয়ার অনিক

রাশিয়ায় পড়তে গিয়ে লাশ হয়ে ফিরলেন কুষ্টিয়ার অনিক

কুষ্টিয়ায় ভাইয়ের হামলায় নিহত ছোট ভাই

কুষ্টিয়ায় ভাইয়ের হামলায় নিহত ছোট ভাই

নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App