×

জাতীয়

দক্ষিণ কোরিয়ার বাজারে ৯৭ শতাংশ পণ্যে শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৭:৩৯ পিএম

দক্ষিণ কোরিয়ার বাজারে ৯৭ শতাংশ পণ্যে শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষরিত কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিইপিএ) কার্যকর হলে দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানিযোগ্য ৯৭ শতাংশ পণ্য অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে। একই সঙ্গে বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার ৮৭ শতাংশ পণ্যের জন্য অগ্রাধিকারমূলক বাজারসুবিধা দেবে। এর আওতায় নির্বাচিত কৃষিপণ্য, প্লাস্টিক এবং কমপ্লিটলি নকড ডাউন (সিকেডি) পণ্যও অন্তর্ভুক্ত রয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সিইপিএ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, সিইপিএ বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন। এ চুক্তি নতুন কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাণিজ্যমন্ত্রী জানান, এই চুক্তির ফলে তৈরি পোশাক, চামড়াজাত ও পাটজাত পণ্যসহ বাংলাদেশের প্রধান রপ্তানি খাতগুলো দক্ষিণ কোরিয়ার বাজারে আরও সহজে প্রবেশের সুযোগ পাবে। একই সঙ্গে রপ্তানি বহুমুখীকরণ এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতেও এটি সহায়ক হবে। দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার নিশ্চিত হওয়াকে তিনি দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। এর মাধ্যমে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: ৫ আগস্ট হাসিনার বক্তব্য ইস্যুতে যা বললো ভারত

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশের বাণিজ্যিক সক্ষমতা ধরে রাখা এবং বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে সিইপিএ কার্যকর ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।

তিনি জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে শুধু অভ্যন্তরীণ সম্পদের ওপর নির্ভর না করে উন্নত প্রযুক্তি ও মানসম্মত বিদেশি বিনিয়োগ আকর্ষণ অপরিহার্য।

দক্ষিণ কোরিয়াকে প্রায় ২ ট্রিলিয়ন ডলারের প্রযুক্তিনির্ভর অর্থনীতি উল্লেখ করে তিনি বলেন, এই চুক্তির মাধ্যমে সেমিকন্ডাক্টর, তথ্যপ্রযুক্তি, জাহাজ নির্মাণ, শিপ রিসাইক্লিং এবং লাইট ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন খাতে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ বাড়বে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইও হান-কু বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করে বলেন, অল্প সময়ের মধ্যে এ চুক্তি সম্পন্ন হওয়া বাংলাদেশের জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য।

তিনি বলেন, এতদিন দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক মূলত তৈরি পোশাক খাতকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। সিইপিএর মাধ্যমে সেই সম্পর্ক এখন শিল্প সহযোগিতা, প্রযুক্তি, বিনিয়োগ এবং অন্যান্য অর্থনৈতিক খাতে আরও বিস্তৃত হবে।

বাংলাদেশের বৃহৎ তরুণ জনগোষ্ঠীর প্রসঙ্গ তুলে তিনি বলেন, দক্ষ মানবসম্পদের কারণে বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলোর জন্য সম্ভাবনাময় উৎপাদনকেন্দ্রে পরিণত হয়েছে। কোরিয়ার প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে উৎপাদন করে নিজ দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও পণ্য রপ্তানির সুযোগ পাবে।

চুক্তি নিয়ে আলোচনার সময়কাল সম্পর্কে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিইপিএ নিয়ে আলোচনা তড়িঘড়ি করে নয়, বরং অত্যন্ত দক্ষতার সঙ্গে সম্পন্ন হয়েছে।

তিনি জানান, এ ধরনের বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে সাধারণত ১০ থেকে ২০ বছর সময় লাগে। তবে সরকারের ধারাবাহিক প্রচেষ্টায় মাত্র ছয় মাসের মধ্যেই আলোচনা সম্পন্ন করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, পুরো আলোচনায় দেশীয় শিল্পের স্বার্থ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত করতে সিইপিএর পূর্ণাঙ্গ পাঠও প্রকাশ করা হবে, যাতে সংশ্লিষ্ট সব পক্ষ চুক্তির বিষয়বস্তু ও এর দীর্ঘমেয়াদি সুফল সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।

উভয় দেশই আশা প্রকাশ করেছে, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হবে। একই সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে’

প্রধানমন্ত্রী ‘জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে’

ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, হেলমেট পরা অবস্থায় নয়নের ছবি ভাইরাল

ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, হেলমেট পরা অবস্থায় নয়নের ছবি ভাইরাল

কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

৫০ টাকার নিচে আলু ছাড়া মিলছে না কোন সবজি

৫০ টাকার নিচে আলু ছাড়া মিলছে না কোন সবজি বিপাকে নিম্ন আয়ের মানুষেরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App