শেখ হাসিনার বক্তব্যে যে প্রতিক্রিয়া জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১১:৪৭ এএম
ছবি : সংগৃহীত
ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় ভারত সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ কেন দেওয়া হলো, সে বিষয়ে সরকারের প্রশ্ন রয়েছে।
বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সালাহউদ্দিন আহমদ বলেন, ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে আশ্রয়ে রয়েছেন। কিন্তু সেখানে অবস্থান করেই তিনি বাংলাদেশকে ঘিরে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন এবং গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছেন।
তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার বিষয়ে ভারত সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন রয়েছে।
আরও পড়ুন : হাসিনা কাণ্ড: নতুন করে উত্তপ্ত ঢাকা-দিল্লি সম্পর্ক
সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নয়াদিল্লিতে সাউথ এশিয়া ফরেন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত এক সংবাদ সম্মেলনে অডিও কলে যুক্ত হয়ে বক্তব্য দেন শেখ হাসিনা। সেখানে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।
এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও প্রতিক্রিয়া জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে।
সাক্ষাৎকারে সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের বিষয়ে আওয়ামী লীগ এখন পর্যন্ত কোনো অনুশোচনা প্রকাশ করেনি কিংবা ক্ষমা চায়নি। বরং তারা বিদেশে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন : ভারতে শব্দদূষণ নিয়ন্ত্রণে ১২৭৯ মসজিদের মাইক অপসারণ
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয়ে তিনি বলেন, দলটির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত চলছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ বিষয়ে বিচার হবে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী সরকার পরবর্তী পদক্ষেপ নেবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের মাধ্যমেই হবে। সরকার বিচারিক প্রক্রিয়ার বাইরে কোনো সিদ্ধান্ত নিতে চায় না।
এদিকে দিল্লির ওই সংবাদ সম্মেলনের আগে বাংলাদেশ সরকার আদালতের নির্দেশনার কথা উল্লেখ করে শেখ হাসিনার বক্তব্য দেশের গণমাধ্যমে প্রচার না করার আহ্বান জানায়। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম বিদ্বেষমূলক বক্তব্য প্রচার না করার বিষয়ে ব্যাখ্যা দিলেও সরকারি সতর্কতার কারণে দেশের মূলধারার অধিকাংশ গণমাধ্যম সংবাদ সম্মেলনটি সরাসরি প্রচার করেনি।
