×

জাতীয়

জেলা পর্যায়ে চালু হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’: মাহদী আমিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৭:০৩ পিএম

জেলা পর্যায়ে চালু হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’: মাহদী আমিন

ছবি : সংগৃহীত

জেলা পর্যায়ে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

বুধবার দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘এসডিজি অর্জনে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো বাস্তবায়ন: নীতি, অংশীদারিত্ব ও অগ্রাধিকার’ শীর্ষক জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, প্রাথমিক পর্যায়েই ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করা হবে। এ উদ্যোগ নিয়ে ইতোমধ্যে সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে একাধিক সংলাপ ও পরামর্শ হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থাকলেও কর্মসংস্থান সৃষ্টি ও সমন্বয়ের জন্য সরাসরি কাজ করার মতো কাঠামো এতদিন ছিল না। নতুন ব্যবস্থার মাধ্যমে কর্মসংস্থানের চাহিদা ও জোগানের মধ্যে সরাসরি সংযোগ তৈরি করা হবে।

আরও পড়ুন: ‘গুলি করি, মরে একটা, একটাই যায় স্যার’ বলা সেই ডিসি ইকবাল বরখাস্ত

তিনি বলেন, উদ্যোগটি প্রথমে বিভাগীয় পর্যায়ে শুরু হবে এবং পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় সম্প্রসারিত করা হবে। স্থানীয় নিয়োগদাতা ও চাকরিপ্রার্থীদের একই প্ল্যাটফর্মে আনা হবে। এ জন্য অনলাইন ও অফলাইন- দুই মাধ্যমেই কাজ করা হবে।

মাহদী আমিন আরও বলেন, প্রয়োজনীয় কারিগরি দক্ষতা তৈরি, সক্ষমতা বৃদ্ধি এবং কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তোলা হবে। প্রাতিষ্ঠানিক দক্ষতা ও যোগ্যতা উন্নয়নে বেসরকারি খাতকেও সরাসরি সম্পৃক্ত করা হবে।

পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর বিষয়ে তিনি বলেন, দেশের কোনো নাগরিক যেন জাতীয় প্রবৃদ্ধি ও উন্নয়নের ধারা থেকে বাদ না পড়েন, সেটিই সরকারের অন্যতম অগ্রাধিকার। সুবিধাবঞ্চিত মানুষকে জাতীয় অর্থনীতি ও সামাজিক সুরক্ষার মূলধারায় সম্পৃক্ত করাই সরকারের প্রধান লক্ষ্য।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সংস্কার ও উন্নয়নের জন্য পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো (জুলাই ২০২৬-জুন ২০৩১) এবং এসডিজি’ নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন: চাকরি গেল বিপ্লব কুমার ও রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা

মাহদী আমিন বলেন, দেশের সব শ্রেণি-পেশার মানুষের ভাগ্যের পরিবর্তন এবং টেকসইভাবে নাগরিক সমস্যার সমাধানের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দীর্ঘ সময় পর জনগণের সরাসরি ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ায় প্রশাসনিক জবাবদিহি ও দায়বদ্ধতাও আরও শক্তিশালী হয়েছে।

তিনি বলেন, সমাজের প্রতিটি স্তরের মানুষের রাজনৈতিক মতামত ও ভোটাধিকারের ভিত্তিতে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। নির্বাচনে সব শ্রেণির মানুষের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই প্রতিটি নাগরিকের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও পারিবারিক ক্ষমতায়ন নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য।

মাহদী আমিনের ভাষ্য, সরকারের লক্ষ্য শুধু সাময়িক উন্নয়ন নয়; এমন একটি প্রশাসনিক কাঠামো তৈরি করা, যেখানে নাগরিকদের সমস্যা স্থায়ীভাবে সমাধানের পাশাপাশি তাদের ভাগ্যেরও উন্নতি হবে। এই দায়বদ্ধতা থেকেই অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনে সরকার কাজ করে যাবে।

সরকারের প্রথম বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, তৃণমূলের মানুষের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় চাল, ডাল, তেল, চিনি ও আটাসহ সাতটির বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যে কর ও ভ্যাট কমানো হয়েছে। এর ফলে বাজারে কোনো অসাধু সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করতে পারেনি।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও কঠোর ব্যবস্থাপনার মাধ্যমে দেশের বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখা হয়েছে বলে জানান তিনি। এর ফলে নিম্নবিত্ত ও শ্রমজীবী মানুষের জন্য কিছুটা স্বস্তি নিশ্চিত হয়েছে বলেও উল্লেখ করেন মাহদী আমিন।

সম্প্রতি একটি এফএসআরইউ (ভাসমান এলএনজি টার্মিনাল) কারিগরিভাবে বিকল হওয়ায় গ্যাস সরবরাহে সাময়িক সংকট তৈরি হয়েছে জানিয়ে তিনি বলেন, সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: কাদের-সাদ্দামসহ ৭ নেতার সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ

জ্বালানি খাতের চ্যালেঞ্জ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বিগত ১৬ বছরের পুঞ্জীভূত প্রশাসনিক ও অবকাঠামোগত সমস্যার কারণে এ খাত বর্তমানে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে। দীর্ঘদিনের এই স্থবিরতা পাঁচ-ছয় মাসের মধ্যে পুরোপুরি দূর করা সম্ভব নয়। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীদাররা যৌথভাবে কাজ করছেন, যাতে জ্বালানি খাতে সরাসরি বৈদেশিক বিনিয়োগ বাড়ানো যায়।

পাশাপাশি দেশের নিজস্ব প্রাকৃতিক সম্পদ উত্তোলনের সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানান তিনি। কার্যকর পদক্ষেপের মাধ্যমে মধ্যমেয়াদে জ্বালানি সংকটের টেকসই ও বাস্তবসম্মত সমাধান সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মাহদী আমিন।

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানো, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে বড় ধরনের পরিবর্তনের মাধ্যমে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। তার ভাষ্য, শিগগিরই স্বাস্থ্য খাতে ১ লাখ নতুন পদ সৃষ্টি ও নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৮০ হাজার পদে নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, সরকারের প্রথম বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব ছিল। শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক যোগ্যতা নয়, বাস্তবভিত্তিক দক্ষতা ও সামাজিক মূল্যবোধের মাধ্যমে গড়ে তোলা হবে, যাতে তারা ভবিষ্যতে দক্ষ কর্মী ও সফল উদ্যোক্তা হতে পারে।

আরও পড়ুন: পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

শিক্ষা মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, পর্যায়ক্রমে সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ‘মিড-ডে মিল’ চালু এবং অভিন্ন পোশাকের ব্যবস্থা করা হবে। শহরের উন্নত মাল্টিমিডিয়া ক্লাসরুমের সুবিধা যেন গ্রামের বিদ্যালয়গুলোতেও পৌঁছায়, সে জন্য শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল সাম্য আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে শিক্ষক প্রশিক্ষণ ও তাদের মর্যাদা বৃদ্ধিকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

পরিবেশ রক্ষা ও পানিসম্পদ ব্যবস্থাপনায় বৃক্ষরোপণ এবং খাল খননের মতো কর্মসূচির মাধ্যমে শহর ও গ্রামের সুযোগ-সুবিধার বৈষম্য কমানোর প্রতিশ্রুতি দেন মাহদী আমিন। তিনি দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য বেগম সেলিমা রহমান, সংসদ সদস্য মাধবী মারমাসহ অন্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইলো পল্লী বিদ্যুৎ

সারাদেশে লোডশেডিং হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইলো পল্লী বিদ্যুৎ

যুক্তরাষ্ট্রকে ‘আচরণ’ পরিবর্তনের আহ্বান ইরানের

যুক্তরাষ্ট্রকে ‘আচরণ’ পরিবর্তনের আহ্বান ইরানের

চাঁদাদাবির অভিযোগে বহিষ্কৃত ছাত্রদল নেতাকে স্বপদে বহালের নির্দেশ

চাঁদাদাবির অভিযোগে বহিষ্কৃত ছাত্রদল নেতাকে স্বপদে বহালের নির্দেশ

কাল রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল

কাল রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App