×

জাতীয়

অক্টোবরে চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০১:২৩ পিএম

অক্টোবরে চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

শিশুস্বাস্থ্যের উন্নয়নে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী বিভাগ ও কুমিল্লায় ২০০ শয্যাবিশিষ্ট পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী অক্টোবরেই হাসপাতালগুলো একযোগে চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের নবনির্মিত ৫০০ শয্যার ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

এর আগে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী হাসপাতালের নতুন ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি। পরে মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির উদ্বোধন সম্পন্ন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, আধুনিক স্বাস্থ্যব্যবস্থার লক্ষ্য কেবল অবকাঠামো ও প্রযুক্তির সম্প্রসারণ নয়। উন্নত প্রযুক্তির পাশাপাশি দক্ষ জনবল, সুশাসন ও সময়োপযোগী নীতির সমন্বয়ে দেশের মানুষের জন্য সহজলভ্য, সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য।

তিনি বলেন, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের ৫০০ শয্যার দ্বিতীয় ভবন উদ্বোধনের মাধ্যমে সেই লক্ষ্য পূরণের পথে আরও এক ধাপ এগিয়েছে দেশ।

তারেক রহমান বলেন, ২০০৬ সালের ২৩ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক সুযোগ-সুবিধা যুক্ত হওয়ায় হাসপাতালটি এখন আরও বড় পরিসরে সেবা দেওয়ার সক্ষমতা অর্জন করেছে।

আরও পড়ুন: বিদ্যুৎ পরিস্থিতির আপডেট দিয়ে বিপাকে সেই সুমন

হাসপাতালের সঙ্গে যুক্ত স্বাস্থ্য কর্মকর্তা, চিকিৎসক, নার্স, হেলথ টেকনিশিয়ানসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, নিউরোলজিক্যাল বা স্নায়ুবিক জটিলতা বর্তমানে বিশ্বজুড়ে বড় ধরনের স্বাস্থ্যচ্যালেঞ্জ। স্ট্রোক, ইপিলেপসি বা খিঁচুনি, পারকিনসন্স ডিজিজ, ডিমেনশিয়া এবং মেরুদণ্ডের বিভিন্ন জটিল রোগে আক্রান্ত মানুষের জন্য দেশে আধুনিক ও বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন ক্রমেই বাড়ছে।

নতুন ৫০০ শয্যার ভবন চালুর ফলে এসব রোগের চিকিৎসা সক্ষমতা বহুগুণ বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। আধুনিক আইসিইউ, অপারেশন থিয়েটার, উন্নত ডায়াগনস্টিক সুবিধা এবং বিশেষায়িত ওয়ার্ডের সমন্বয়ে নির্মিত ভবনটি রোগী ভর্তির সক্ষমতা বাড়ানোর পাশাপাশি চিকিৎসা গবেষণা ও উচ্চশিক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, সাধারণ মানুষ যেন স্বল্প ব্যয়ে বিশ্বমানের নিউরোচিকিৎসা পেতে পারেন, সেই লক্ষ্যেই ‘নিউরোসায়েন্স-২’ ভবন নির্মাণ করা হয়েছে। আধুনিক চিকিৎসা প্রযুক্তি, বাড়তি শয্যা ও দক্ষ জনবলের সমন্বয়ে গড়ে ওঠা এ ব্যবস্থা দেশের বিপুলসংখ্যক রোগীর জন্য আশার জায়গা তৈরি করবে।

চিকিৎসায় প্রযুক্তির পাশাপাশি মানবিকতার গুরুত্ব

প্রধানমন্ত্রী বলেন, শুধু আধুনিক প্রযুক্তি ও অবকাঠামো থাকলেই স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন নিশ্চিত হয় না। চিকিৎসাসেবায় মানবিকতার গুরুত্বও অত্যন্ত বেশি। প্রযুক্তির মাধ্যমে রোগ শনাক্ত করা সম্ভব হলেও রোগীর ভয়, উদ্বেগ ও মানসিক কষ্ট বুঝে তাকে আশ্বস্ত করার ক্ষেত্রে চিকিৎসকদের মানবিক আচরণের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, চিকিৎসক, রোগী ও রোগীর উদ্বিগ্ন স্বজন- এই তিন পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্মান ও সহানুভূতির সম্পর্ক থাকা জরুরি।

প্রধানমন্ত্রীর ভাষ্য, এই সম্পর্কের জায়গায় ঘাটতি তৈরি হলে হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন করেও চিকিৎসার জন্য মানুষের বিদেশমুখিতা বন্ধ করা কঠিন হবে। চিকিৎসকরা যদি নিরাপত্তাহীনতায় ভোগেন কিংবা রোগী ও স্বজনরা চিকিৎসকদের প্রতি আস্থা ও সম্মান না রাখেন, তাহলে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, রোগী ও স্বজনদের প্রতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সহানুভূতিশীল আচরণ, মনোযোগ দিয়ে রোগীর কথা শোনা, তার মানসিক অবস্থা বোঝা এবং সম্মানজনক ব্যবহার চিকিৎসাসেবার মান উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আমার পুরো পৃথিবীই চলে গেল’, শোকস্তব্ধ অঙ্কুশ-ঐন্দ্রিলা

‘আমার পুরো পৃথিবীই চলে গেল’, শোকস্তব্ধ অঙ্কুশ-ঐন্দ্রিলা

৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক যুবক

৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক যুবক

মাদারীপুরে মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী

মাদারীপুরে মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী

অক্টোবরে চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

অক্টোবরে চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App