বিদ্যুৎ পরিস্থিতির আপডেট দিয়ে বিপাকে সেই সুমন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১২:৪৯ পিএম
ছবি : সংগৃহীত
দেশজুড়ে চলমান লোডশেডিংয়ের মধ্যে সাধারণ মানুষকে বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে জানাতে ‘বিদ্যুৎ প্রতিদিন’ নামের একটি ফেসবুক পেজে নিয়মিত আপডেট দিচ্ছিলেন মাদারীপুরের সুমন হোসেন। তবে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ভিডিও ও তথ্য প্রকাশ করতে গিয়ে এবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের রোষানলে পড়েছেন তিনি।
সুমন হোসেন বিদ্যুৎ বিভাগের লাইনম্যান গ্রেড-২ পদে মাদারীপুরের মিঠা পুকুর স্টেশনে কর্মরত। গত কয়েক দিন ধরে নিজের পরিচালিত একটি পেজে বিদ্যুৎ পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরে ভিডিও প্রকাশ করছিলেন তিনি। সাধারণ মানুষকে সচেতন করা এবং দেশের বিদ্যুৎ সরবরাহের বাস্তব চিত্র তুলে ধরাই ছিল এসব ভিডিওর উদ্দেশ্য বলে জানা গেছে।
তবে যে কাজটি বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে করার কথা, সেটি করতে গিয়ে উল্টো বিপাকে পড়েছেন সুমন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভোরের কাগজের পক্ষ থেকে সুমনের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তার ‘বেঁচে ফেরার পথ বন্ধ হয়ে গেছে’। এ জন্য কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনেরও সমালোচনা করেছেন তিনি।
সুমন তার পোস্টে জানান, নিজের করা একটি ভিডিও থেকে এমন পরিস্থিতি তৈরি হবে, তা তিনি কল্পনাও করেননি। এ ঘটনায় নিজের, পরিবারের, কর্মস্থল এবং দেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।
তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিংকে কেন্দ্র করে গ্রাহকেরা বিদ্যুৎ অফিসে হামলা ও ভাঙচুর করছেন। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ অফিস কীভাবে লোডশেডিং পরিচালনা করে, তা সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করেছিলেন তিনি। এর মাধ্যমে গ্রাহকেরা যাতে বিদ্যুৎ অফিসে হামলা না করেন, সেটিই ছিল তার মূল উদ্দেশ্য।
তবে তার বক্তব্য বিভিন্নভাবে উপস্থাপিত হওয়ায় পরিস্থিতি ভিন্ন দিকে চলে গেছে বলে মনে করেন সুমন। তিনি বলেন, কিছু গণমাধ্যমে তাকে নিয়ে এমনভাবে সংবাদ প্রকাশ করা হয়েছে, যাতে তার জন্য পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
আরও পড়ুন: খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
নিজের ভুলের কথাও স্বীকার করেছেন তিনি। সুমনের ভাষ্য, অফিসের কথা চিন্তা করেই ভিডিওগুলো করেছিলেন। কিন্তু বিষয়টি এত বড় বিপদ ডেকে আনবে, তা তিনি বুঝতে পারেননি।
পোস্টে তিনি বলেন, ‘সর্বশেষ আমি, আমার দেশ ও দেশের মানুষের কাছে আবারও দুঃখ প্রকাশ করছি। আমার কথা ও কাজে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে নিজ গুণে ক্ষমা করে দেবেন।’
ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে সুমন বলেন, বিষয়টি এত দূর গড়াবে তা তিনি সত্যিই বুঝতে পারেননি।
এর পাশাপাশি ভবিষ্যতে বিদ্যুৎ সংক্রান্ত কোনো পোস্ট বা ভিডিও প্রকাশ না করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
পোস্টের শেষাংশে নিজের ও পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন সুমন হোসেন।
