প্রধানমন্ত্রী
‘৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে’
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১১:১৩ পিএম
মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
‘বাংলাদেশের মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন চায়। তারা চায়, প্রিয় মাতৃভূমি ধীরে ধীরে বিশ্বের বুকে এগিয়ে যাক।’ আর এই অগ্রযাত্রা নিশ্চিত করতে দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। একই সঙ্গে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ ও ঢাকা-১৭ আসনের প্রতিনিধি আবদুর রহমান সানী।
বিদ্যুৎ ও গ্যাস সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অন্য কোনো রাজনৈতিক দলের কাছে যদি সরকারের চেয়ে ভালো ও বাস্তবসম্মত পরিকল্পনা থাকে, তাহলে সরকার তা গ্রহণ করে বাস্তবায়ন করবে। তবে জনগণকে বিভ্রান্ত করতে অপপ্রচার চালানো হলে সংশ্লিষ্টদের জনগণের কাছেই ক্ষমা চাইতে হবে।
তিনি বলেন, জনগণকে বিভ্রান্ত করা একজন রাজনীতিবিদের দায়িত্ব নয়। বরং জনগণকে ধৈর্য ধরতে শেখানো এবং সঠিক পথ দেখানোই একজন রাজনীতিবিদের দায়িত্ব।
আরও পড়ুন: ‘হারিকেন সামনে, পেছনে ফ্যান’ তারেক রহমানের মন্তব্যে যা বললেন আসিফ
দেশে ‘বিশৃঙ্খলার রাজনীতির দিন শেষ’ মন্তব্য করে তারেক রহমান বলেন, মিথ্যাচার ও বিশৃঙ্খলার রাজনীতি স্বৈরাচারী সরকার করেছে। বর্তমান রাজনীতিবিদেরা জনগণের কাছে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। তাই হঠকারিতা ও বিভ্রান্তির রাজনীতি বাদ দিয়ে জনকল্যাণে কার্যকর পরিকল্পনা দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতির দিন শেষ। জনগণও আর এ ধরনের রাজনীতি সমর্থন করে না।
ঢাকা-১৭ আসনের উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তাঁর দলের প্রতিনিধিরা জনগণের সেবায় কাজ করছেন। পাশের লেকটি পরিষ্কার করতেও ছয় মাস সময় লেগেছে। তাঁর মতে, এসব কাজ সহজ নয়, তবে সমালোচনা করা সহজ। যারা শুধু সমালোচনায় ব্যস্ত, তাদের মাঠে নেমে মানুষের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, “মানুষ এবং দেশের জন্য কাজ করুন; সঠিক কথা বলুন। দেশে বিশৃঙ্খলার সৃষ্টি হয়—এমন কথা থেকে বিরত থাকুন।”
বিএনপির নেতাকর্মীদের আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে তিনি বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘদিন রাজপথে লড়াই করে বিএনপির নেতাকর্মীরা টিকে ছিলেন। তাঁর দাবি, যারা এখন বড় গলায় কথা বলছেন ও মিথ্যাচার করছেন, গত ১৭ বছরে তাঁদের রাজপথে দেখা যায়নি।
বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন, গুম ও হত্যার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন পর্যালোচনা করলেই এসব ঘটনার চিত্র পাওয়া যাবে।
একটি রাজনৈতিক দলের অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে তারেক রহমান বলেন, দলটি ১৯৭১, ১৯৮৬ ও ১৯৯৬ সালে ভুল করেছে এবং ২০২৬ সালেও মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি তাদের ‘উসকানির রাজনীতি’ থেকে বেরিয়ে এসে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, “মানুষের উপকারের পরিকল্পনা থাকলে সংসদে উপস্থাপন করুন। জনগণের সামনে তুলে ধরুন। আমরা সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করব।”
সূত্র: বাসস।
