×

জাতীয়

মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৫:৪৭ পিএম

মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরার নজরদারি চালু হওয়ায় চাঁদাবাজি কমবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মালিকপক্ষ, শ্রমিক সংগঠন কিংবা পুলিশের কেউ চাঁদাবাজি করলে ক্যামেরায় তা রেকর্ড থাকবে বলেও মন্তব্য করেন তিনি। জনগণের সহযোগিতায় মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব বলেও জানান মন্ত্রী।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট খারিজ

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৯০টি পিলারে স্বয়ংক্রিয় ও এআই প্রযুক্তিনির্ভর ক্যামেরা স্থাপন করা হয়েছে।

নির্ধারিত গতিসীমার বেশি গতিতে গাড়ি চালানো, ট্রাফিক আইন অমান্য, উল্টো পথে চলাচল, ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং এবং সাইন-সিগন্যাল না মানাসহ বিভিন্ন অপরাধ ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হবে। এরপর সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা আরোপ করে তথ্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে পাঠানো হবে।

জরিমানার তথ্য গাড়ির মালিকের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে। নির্ধারিত মোবাইল আর্থিক সেবার মাধ্যমেও জরিমানার অর্থ পরিশোধ করা যাবে। কোনো গাড়ি তিনবার জরিমানার আওতায় পড়লে তার নিবন্ধন বাতিল হবে কি না, তা বিআরটিএর প্রচলিত আইন অনুযায়ী নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন: শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যম নজরদারিতে মাউশির কমিটি

সালাহউদ্দিন আহমদ বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটো ফাইন সিস্টেম চালুর পর এর কার্যক্রম পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন করা হবে। এরপর ধাপে ধাপে দেশের অন্যান্য মহাসড়কেও এই ব্যবস্থা চালু করা হবে।

অটো ফাইন সিস্টেম সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে হাইওয়ে পুলিশ ও বাংলাদেশ পুলিশ পত্রিকা, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচার চালাবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মহাসড়কে থ্রি-হুইলার চলাচল নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, তিন চাকার যানগুলোকে শৃঙ্খলার মধ্যে আনার উদ্যোগ নেওয়া হবে। তবে মহাসড়কে নন-মোটরাইজড যানবাহন ও থ্রি-হুইলার চলাচলের অনুমতি দেওয়া হবে না। লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধেও প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে মালিক, শ্রমিক ও পুলিশ- সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ফারুক আহমেদ।

এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হলের সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ

নোবিপ্রবি হলের সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ

ব্যাংকের বাইরে টাকা জমাবেন যেভাবে

ব্যাংকের বাইরে টাকা জমাবেন যেভাবে

চা-বাগান দখলের অভিযোগে বিধবাকে মারধর, শ্লীলতাহানি

চা-বাগান দখলের অভিযোগে বিধবাকে মারধর, শ্লীলতাহানি

বাবার জেদ, মায়ের ত্যাগ: ১৩ মেয়ের ৮ জনই স্কুলের শিক্ষক

বাবার জেদ, মায়ের ত্যাগ: ১৩ মেয়ের ৮ জনই স্কুলের শিক্ষক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App