উদ্বোধনের একদিন পরেই ফাঁকা চলছে মহিলা বাস
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১২:২০ পিএম
ছবি: সংগৃহীত
নারীদের নিরাপদ যাতায়াতের জন্য রাজধানীর বিভিন্ন রুটে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি)। তবে উদ্বোধনের পরের দিন যাত্রী ছাড়াই ফাঁকা চলাচল করতে দেখা গেছে বাসগুলোকে।
বিশেষ মহিলা বাসে পর্যাপ্ত যাত্রী না পেয়ে অধিকাংশ আসন ফাঁকা থাকতে দেখা গেলেও সাধারণ বাসগুলোতে নারী যাত্রীদের তীব্র ভিড় লক্ষ্য করা গেছে। এমনকি সকালে গন্তব্যে পৌঁছাতে অনেক নারীকে সাধারণ বাসের দরজায় ঝুলেই যাতায়াত করতে হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে মিরপুর ১০ থেকে মতিঝিলগামী একটি মহিলা বাস শ্যামলী অতিক্রম করার সময় দেখা যায়, দোতলায় কোনো যাত্রী না থাকলেও নিচতলায় মাত্র ৪-৫ জন নারী বসে আছেন এবং বাকি আসনগুলো সম্পূর্ণ ফাঁকা রয়েছে।
তবে ওই বাসের পেছনের দরজায় একজন পুরুষ যাত্রী এবং হেলপারকে বসে থাকতে দেখা যায়। শ্যামলী পার হওয়ার পর থেকে আড়ং সিগন্যাল ও সংসদ ভবন পর্যন্ত গাড়িটির পেছনে গিয়ে দেখা যায়, এই পুরো সময়ে কোনো যাত্রী ওঠানামা করেনি। পর্যাপ্ত যাত্রী না থাকায় বাসটি কোনো স্টপেজে থামেনি, ফলে চালক বা তার সহযোগীর কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এদিকে, স্টপেজগুলোতে নারী যাত্রীদের উপস্থিতি থাকলেও এই বিশেষ বাসে ওঠার তেমন কোনো আগ্রহ দেখা যায়নি। ফলে বরাবরের মতোই সাধারণ লোকাল বাসগুলোতে নারী যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে; এমনকি সাধারণ বিআরটিসির বাসেও নারীদের দরজায় ঝুলে যাতায়াত করতে দেখা যায়।
আরো পড়ুন: পিংক বাসের সেবা নিতে পারবে কি পুরুষরা?
অন্যদিকে, সকাল সাড়ে ৯টার পর থেকে সাড়ে ১০টা পর্যন্ত ফার্মগেট এলাকায় অবস্থান করেও এই সময়ের মধ্যে কোনো মহিলা বাস সার্ভিস চলাচল করতে দেখা যায়নি।
রাজধানীর ফার্মগেট বাস পয়েন্টে দাঁড়িয়ে থাকা নারী আসমা আক্তারকে মহিলা বাসের জন্য দাঁড়িয়ে আছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে মহিলা বাসের জন্যই যে দাঁড়িয়ে আছি এটা ভুল। প্রতিদিনের মতো ডিউটির জন্য বের হয়েছি। প্রতিদিন যে সময়ে বাসা থেকে বের হয়ে গাড়ির জন্য অপেক্ষায় থাকি আজও তাই। আমার নির্ধারিত গন্তব্যে যাওয়ার যে গাড়ি আসবে তাতেই উঠে যাবো। নির্দিষ্ট মহিলা বাসের আশায় থাকলে কখন আসবে, কখন অফিস পৌঁছাবো, টাইম মতো যেতে পারবো কি না সন্দেহ। যদি দাঁড়িয়ে থাকতে থাকতে মহিলাদের গাড়ি আসে তাহলে গাড়িতে উঠে যাবো।’
তার পাশে দাঁড়িয়ে থাকা অন্য আরেক মহিলা যাত্রী সোনালী খাতুন বলেন, ‘প্রায় ৩০ মিনিট দাঁড়িয়ে আছি কিন্তু এই সময়ের মধ্যে গাড়ির দেখা পায়নি। তবে এটা নিঃসন্দেহে ভালো একটা উদ্যোগ। যদি দাঁড়িয়ে থাকতে থাকতে গাড়ি পেয়ে যায় তাহলে অবশ্যই উঠবো।’
তিনি বলেন, ‘সরকার কেবল এটা বাস্তবায়ন শুরু করেছে। আস্তে আস্তে অবশ্যই বাসের সংখা বাড়ানো হবে। এই অল্পসংখ্যক বাস হওয়ায় অফিস সময়ে এই বাসের অপেক্ষায় থাকাটা ঠিক হবে না। কখন একটা গাড়ি আসবে সেটাওতো নিশ্চিতভাবে বলা যায় না। সরকারের উচিত বাসের সংখ্যা বৃদ্ধি করা।’
এর আগে, মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় মোট ১৪টি বাস দিয়ে যাত্রা শুরু করেছে পিংক বাস।’
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে নতুন এ বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।
প্রাথমিকভাবে রাজধানীর ১০টি রুটে ১০টি পিংক বাস চলাচল করবে। বিআরটিসির রুট তালিকা অনুযায়ী গুরুত্বপূর্ণ কয়েকটি রুট হলো- নতুন বাজার (কোকাকোলা)- মতিঝিল: কোকাকোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন, গুলিস্তান ও মতিঝিল।
তালতলা-মতিঝিল: তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধ মন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর, সচিবালয় হয়ে মতিঝিল।
ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও: ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড়, সায়েদাবাদ, গুলিস্তান, পল্টন, সচিবালয় ও জিপিও।
এ ছাড়া মিরপুর-১০, মিরপুর-১২, মিরপুর-১, নারায়ণগঞ্জ, মোহাম্মদপুর, আদাবর এবং গাজীপুর-বিমানবন্দর রুটেও পিংক বাস চলবে। এসব রুটে মিরপুর, মতিঝিল, গুলিস্তান, পল্টন, শাহবাগ, ফার্মগেট, গাবতলী ও শ্যামলীর মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলো যুক্ত রয়েছে।
বিআরটিসি জানিয়েছে, ঢাকার ১০টি বাসের মধ্যে একটি একতলা এবং নয়টি দ্বিতল। পাশাপাশি চট্টগ্রাম ও বগুড়ায় দুটি করে বাস দিয়ে সেবা শুরু হয়েছে।
