×

জাতীয়

মন্ত্রিসভায় রদবদল, কোন বার্তা দিল সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৯:৪২ এএম

মন্ত্রিসভায় রদবদল, কোন বার্তা দিল সরকার

ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের ১৮৫ দিনের মাথায় প্রথমবারের মতো মন্ত্রিসভা সম্প্রসারণ ও রদবদল করা হয়েছে। শুক্রবার বঙ্গভবনের দরবার হলে নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে শপথ নেন। একই সঙ্গে কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্বেও পরিবর্তন আনা হয়।

নতুন দায়িত্ব বণ্টনের মধ্যে স্থানীয় সরকার, বিমান ও পর্যটন, পার্বত্য চট্টগ্রাম, পররাষ্ট্র, তথ্য ও সম্প্রচার এবং ধর্ম মন্ত্রণালয় ঘিরে সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে। জহির উদ্দিন স্বপনকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে সরিয়ে মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে। অন্যদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

স্থানীয় সরকারে নতুন সমীকরণ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে মনোনীত হওয়ার পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তনের বিষয়টি আলোচনায় আসে। বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের জ্যেষ্ঠ নেতা ড. আবদুল মঈন খানকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়টি প্রত্যাশিত ছিল বলে দলীয় নেতারা জানিয়েছেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয় তৃণমূল পর্যায়ে সেবা পৌঁছে দেওয়া, অবকাঠামো উন্নয়ন এবং সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের কার্যক্রম তদারকির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে বড় অঙ্কের বাজেট বাস্তবায়ন হওয়ায় এটি সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হিসেবে বিবেচিত।

বিমান মন্ত্রণালয়ে পদোন্নতি

সরকার গঠনের সময় আফরোজা খানম রিতা ও এম রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদে পরিবর্তনসহ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমে প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত সক্রিয় ভূমিকা রাখেন।

শুক্রবার রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী হিসেবে পদোন্নতি পেয়েছেন এবং একই মন্ত্রণালয়ের দায়িত্বে বহাল রয়েছেন। অন্যদিকে আফরোজা খানম রিতাকে সরিয়ে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সরকার গঠনের শুরু থেকেই খাদ্য মন্ত্রণালয়ে কোনো পূর্ণ মন্ত্রী ছিলেন না।

পার্বত্য মন্ত্রণালয়ে নতুন মুখ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় নিয়েও সরকারের ভেতরে অস্বস্তি ছিল। মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করার পর পাহাড়ি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সংগঠন বিক্ষোভ করে এবং তাদের সম্প্রদায় থেকে মন্ত্রী নিয়োগের দাবি জানায়।

এর পর থেকেই বান্দরবানের বিএনপি নেতা ও সংসদ সদস্য সাচিং প্রু জেরীর নাম মন্ত্রী হিসেবে আলোচনায় ছিল। তিনি এর আগে বান্দরবান সদর উপজেলা ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনেও তিনি বান্দরবান আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে জয়ী হন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব ভাগ

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় আগামী এক বছর তাকে যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্য সময় কাটাতে হবে। এ কারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৈনন্দিন কার্যক্রম সচল রাখতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরকে প্রতিমন্ত্রী করা হয়েছে।

নতুন দায়িত্বকে দেশের জন্য কাজ করার আরও একটি সুযোগ হিসেবে দেখছেন হুমায়ুন কবীর। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে আস্থা রেখেছেন, তা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশের স্বার্থে সরকারের পররাষ্ট্রনীতিকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার কথাও বলেছেন তিনি।

তথ্য মন্ত্রণালয়ে পার্থ-ইয়াসির সমন্বয়

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে জহির উদ্দিন স্বপনের পরিবর্তে এসেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বে আছেন ইয়াসির খান চৌধুরী।

দুই নেতার মধ্যে দীর্ঘদিনের ব্যক্তিগত ও পারিবারিক ঘনিষ্ঠতার কথাও আলোচনায় এসেছে। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের সময়ই পার্থর মন্ত্রিসভায় যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল বলে ঘনিষ্ঠ সূত্রের দাবি। তবে তখন প্রতিমন্ত্রীর প্রস্তাবে তিনি রাজি হননি।

এখন তথ্য ও গণমাধ্যমে সংস্কার এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে তারা একসঙ্গে কাজ করতে চান বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ে নিয়োগ ঘিরে বিতর্ক

মন্ত্রিসভা সম্প্রসারণে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করা হয়েছে। বর্তমানে কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

তবে লিংকনের নিয়োগের পর ধর্মীয় অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে। হেফাজতে ইসলামসহ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে তার নিয়োগের প্রতিবাদ জানানো হয়েছে। হেফাজতে ইসলামের নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, এই সিদ্ধান্ত দেশের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

রদবদলের সম্ভাব্য বার্তা

সার্বিকভাবে মন্ত্রিসভার এই সম্প্রসারণ ও রদবদনে সরকারের কয়েকটি অগ্রাধিকার স্পষ্ট হয়েছে। গুরুত্বপূর্ণ ও বড় বাজেটের মন্ত্রণালয়ে অভিজ্ঞ ও প্রভাবশালী নেতাদের দায়িত্ব দেওয়া, পররাষ্ট্রনীতিতে ধারাবাহিকতা নিশ্চিত করা, বিমান ও পর্যটন খাতে মন্ত্রণালয়ের নেতৃত্ব শক্তিশালী করা এবং তথ্য মন্ত্রণালয়ে নতুন সমন্বয় তৈরি করা—এসবই রদবদলের গুরুত্বপূর্ণ দিক।

একই সঙ্গে ধর্ম মন্ত্রণালয়ে নতুন প্রতিমন্ত্রী নিয়োগকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে, তা সরকারের জন্য নতুন রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ফলে এই সম্প্রসারণ শুধু মন্ত্রিসভার আকার বাড়ানোর সিদ্ধান্ত নয়; বরং প্রশাসনিক কার্যক্রম, রাজনৈতিক ভারসাম্য এবং সরকারের ভবিষ্যৎ অগ্রাধিকারেরও একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ায় ‘দুঃখ পেলেন’ চুপ্পু

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ায় ‘দুঃখ পেলেন’ চুপ্পু

জাহ্নবীর ভাইরাল ‘পর্নোগ্রাফি’ কনটেন্ট, সরানোর নির্দেশ আদালতের

জাহ্নবীর ভাইরাল ‘পর্নোগ্রাফি’ কনটেন্ট, সরানোর নির্দেশ আদালতের

বিয়ে থামিয়ে অসুস্থ ক্যাটারিং কর্মীর পাশে কনে, অতঃপর...

বিয়ে থামিয়ে অসুস্থ ক্যাটারিং কর্মীর পাশে কনে, অতঃপর...

ভারতের উপকূলে বাংলাদেশীসহ ২৪ নাবিক নিয়ে জাহাজডুবি

ভারতের উপকূলে বাংলাদেশীসহ ২৪ নাবিক নিয়ে জাহাজডুবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App