পাঁচ ধাপে হবে স্থানীয় সরকার নির্বাচন: মঈন খান
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০২:৪১ পিএম
ছবি : সংগৃহীত
জনগণের অভিপ্রায় ও সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।
রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
ড. মঈন খান বলেন, বিগত সরকার সঠিকভাবে নির্বাচন আয়োজন করতে পারেনি। বিএনপি সরকার স্থানীয় সরকারের প্রতিটি স্তরে সুষ্ঠু ও যথাযথ নির্বাচন নিশ্চিত করতে চায়। সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই এসব নির্বাচন সম্পন্ন করা হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ধনিকশ্রেণির স্বার্থে কাজ করেছে। এর বিপরীতে বিএনপি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করবে। দেশে একটি টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের কথা তুলে ধরে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। দলটি আইনের শাসন ও সুশাসনে বিশ্বাসী। জনগণের অধিকার নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে জবাবদিহি প্রতিষ্ঠায় গুরুত্ব দেওয়া হবে।
গত ১৭ বছরের অব্যবস্থাপনায় দেশের দরিদ্র মানুষের অধিকার ক্ষুণ্ন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে উল্লেখ করে মন্ত্রী ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগের কথা তুলে ধরেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে প্রতিমন্ত্রী ও অভিজ্ঞ কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন ড. মঈন খান। জনগণের সেবা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার ওপরও গুরুত্ব দেন তিনি।
এর আগে সকালে স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় অংশ নেন নবনিযুক্ত মন্ত্রী। সভায় মন্ত্রণালয়ের কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
