২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সভাপতি আনিসুজ্জামান, সম্পাদক ফারুক
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৫:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
নবগঠিত ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতি পদে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান ও সাধারণ সম্পাদক পদে নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) রাজারবাগ পুলিশ মিলনায়তনে ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের ২০ বছর পূর্তি (দ্বিদশপূর্তি) উপলক্ষ্যে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মনজুর মোর্শেদ চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জনাব মো. আলী হোসেন ফকির।
২৫তম বিসিএস পুলিশ ব্যাচের সকল কর্মকর্তার উপস্থিতিতে আয়োজিত এই পুনর্মিলনীতে বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব জনাব শামীমা পারভীন, ২৫তম বিসিএস ফোরামের বিদায়ী সভাপতি জনাব মো. নূরুল করিম ভূঁইয়া (যুগ্ম সচিব), ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) জনাব ইলিয়াস কবিরসহ বিভিন্ন বিসিএস পুলিশ ব্যাচের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
নব্য ঘোষিত কমিটির সভাপতি জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম পূর্বে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দুইবার সফলভাবে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে সংগঠনটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। অপরদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক বর্তমানে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, ২০০৬ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে (পুলিশ ক্যাডার) যোগদান করা এই ব্যাচের সদস্যরা বর্তমানে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠার পর থেকেই এই ফোরাম ব্যাচ সদস্যদের সার্বিক কল্যাণ, পেশাগত উৎকর্ষ এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
