×

জাতীয়

‘কার এত জ্বালা’, কাকে ইঙ্গিত করে বললেন প্রতিমন্ত্রী?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১০:৪৪ পিএম

‘কার এত জ্বালা’, কাকে ইঙ্গিত করে বললেন প্রতিমন্ত্রী?

ছবি : সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার আগে সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী তিনি ‘ব্রিটিশ নাগরিকত্ব’ ছেড়েছেন কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি হুমায়ুন কবির। বরং এ বিষয়ে প্রকাশিত সংবাদ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কোন নিউজপেপার? কার এত জ্বালা? মানে কাজকর্ম থুইয়া…’

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় জায়গা পাওয়া বিএনপির এই নেতা। তিনি বলেন, বাংলাদেশি হিসেবেই তিনি মন্ত্রী হয়েছেন এবং তার বাংলাদেশিত্ব নিয়ে কেউ প্রশ্ন তুলবে বলে তিনি মনে করেন না।

ব্রিটিশ নাগরিকত্ব ছাড়ার বিষয়ে প্রশ্ন করা হলে হুমায়ুন কবির বলেন, ‘আমি বাংলাদেশি। এখানে তো বাংলাদেশি মিনিস্টার হিসেবে আছি। আমি মনে করি না আমার বাংলাদেশিত্ব নিয়ে কেউ প্রশ্ন করবে। মানে এখানে আসিয়া বাংলাদেশের জন্য কাজ করা, মানে তো কোনো সুবিধাভোগী লোক করবে না।’

আরও পড়ুন: মা মারা যাচ্ছে, চিকিৎসা করাতে পারছি না

শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির। এর আগে তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ছোটবেলা থেকে যুক্তরাজ্যে বেড়ে ওঠা এই বিএনপি নেতার ব্রিটিশ নাগরিকত্ব এবং তা ত্যাগের বিষয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

যুক্তরাজ্যের কোম্পানি নিবন্ধকের কার্যালয় ‘কোম্পানিজ হাউজ রেজিস্ট্রার’-এর সোমবারের তথ্য অনুযায়ী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিক হিসেবে তালিকাভুক্ত। সেখানে তার আবাসস্থল যুক্তরাজ্য উল্লেখ করা হয়েছে।

‘হ্যামলেটস কমিউনিটি ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ সিআইসি’ নামে একটি কোম্পানির পরিচালকও ছিলেন হুমায়ুন কবির। প্রতিষ্ঠানটি ‘কোম্পানিজ হাউজ রেজিস্ট্রারে’ নিবন্ধিত।

ব্রিটিশ সরকারের তথ্য ও সেবাবিষয়ক ওয়েবসাইট ‘গভডটইউকে’-তে দেওয়া কোম্পানিটির নিবন্ধন তথ্য অনুযায়ী, ২০১২ সালের ১৮ জানুয়ারি হুমায়ুন কবির প্রতিষ্ঠানটির পরিচালক হন। এক মাস ছয় দিন পর, অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি তিনি পদ থেকে সরে দাঁড়ান।

আরও পড়ুন: সরকারের রাজনৈতিক সাহসের ঘাটতি রয়েছে

বাংলাদেশের সংবিধানের ৫৬ ও ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী, দ্বৈত নাগরিকত্ব থাকলে কোনো ব্যক্তির মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হওয়ার ক্ষেত্রে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

সংবিধানের ৫৬ অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য ব্যক্তিদের মধ্য থেকে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সর্বোচ্চ এক-দশমাংশ সদস্য নির্বাচন করতে পারেন।

অন্যদিকে ৬৬ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো ব্যক্তি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলে অথবা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করলে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কিংবা সংসদ সদস্য থাকার যোগ্য হবেন না। তবে কেউ আগে বিদেশি নাগরিকত্ব গ্রহণ করলেও পরে তা ত্যাগ করলে সংসদ সদস্য হওয়ার যোগ্য হতে পারেন।

এমন সাংবিধানিক বিধানের কারণে হুমায়ুন কবির প্রতিমন্ত্রী হওয়ার পর তার কথিত ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে বিভিন্ন গণমাধ্যমে আলোচনা শুরু হয়।

গত রোববার দৈনিক প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সিলেটে জন্ম হলেও মাত্র আড়াই বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে যান হুমায়ুন কবির। সেখানেই তিনি বেড়ে ওঠেন এবং উচ্চশিক্ষা গ্রহণ করেন। যুক্তরাজ্যের লেবার পার্টির রাজনীতিতেও যুক্ত ছিলেন তিনি। একপর্যায়ে ব্রিটিশ নাগরিকত্ব নেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার পর তিনি সেই নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

যুক্তরাজ্যের আইনে দ্বৈত নাগরিকত্ব থাকলেও দেশটিতে রাজনীতি করা বা এমপি হওয়ার ক্ষেত্রে বাধা নেই।

আরও পড়ুন: সংসদে মন্ত্রীদের দায়িত্ব বণ্টন

এদিকে ব্রিটিশ নাগরিকত্ব ছাড়ার বিষয়ে প্রকাশিত সংবাদ এবং এ নিয়ে ইন্টারনেটে ‘শোরগোল’ প্রসঙ্গে প্রশ্ন করা হলে হাসতে হাসতে হুমায়ুন কবির বলেন, ‘আমি তো সিটিজেন নিয়ে আছি, আপনি বলেন নেটিজেন।’

গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রসঙ্গ টেনে এক সাংবাদিক প্রশ্ন করলে তিনি বলেন, ‘কোন নিউজপেপার? কার এত জ্বালা? মানে কাজকর্ম থুইয়া…’

পরে ওই সাংবাদিক প্রথম আলোতে সংবাদ প্রকাশের কথা উল্লেখ করলে পত্রিকাটির সম্পাদক মতিউর রহমানকে ইঙ্গিত করে হুমায়ুন কবির বলেন, ‘তার জ্বালা কেন হচ্ছে? তার কি ২০০৮-এর জ্বালা উঠছে নাকি আবার? মঈনুদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠছে তার আবার নাকি?’

তিনি আরও বলেন, ‘দেশের পক্ষে জোরাল অবস্থান নেওয়া মানুষ সকল, দেশপ্রেমিক যারা আছে, দেশের পক্ষে যারা অবস্থান নেই, যারা মিডিয়া আছে, যারা দেশবাসী আছে, রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, তারা সবাই মিলে ইনশাআল্লাহ এই দেশকে এগিয়ে নিয়ে যাব।’

সুত্র- বিডি নিউজ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, সেই মাদরাসাশিক্ষকই নবজাতকের জন্মদাতা

ধর্ষণে মাদরাসাছাত্রী অন্তঃসত্ত্বা ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, সেই মাদরাসাশিক্ষকই নবজাতকের জন্মদাতা

বিজেপি সরকারের বিরুদ্ধে ফের রাজপথে ককরোচরা

বিজেপি সরকারের বিরুদ্ধে ফের রাজপথে ককরোচরা

এক ইলিশ বিক্রি হলো ৮ হাজার ৫০০ টাকায়

এক ইলিশ বিক্রি হলো ৮ হাজার ৫০০ টাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App