রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৬:২৯ পিএম
ছবি : সংগৃহীত
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁও সফর স্থগিত করা হয়েছে। আগামী ৩০ ও ৩১ আগস্ট দুই দিনের সফরে তার ঠাকুরগাঁও যাওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক।
জেলা প্রশাসক জানান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ৩০ ও ৩১ আগস্ট ঠাকুরগাঁও সফরের নির্ধারিত কর্মসূচি ছিল। অনিবার্য কারণে সফরটি আপাতত স্থগিত করা হয়েছে। আগামী দুই-এক দিনের মধ্যে নতুন সফরসূচি নির্ধারণ হতে পারে।
রাষ্ট্রপতির সফর সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছিল জেলা প্রশাসন। প্রশাসনিক ব্যবস্থা, আবাসন, যানবাহনসহ প্রয়োজনীয় বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: স্থানীয় নির্বাচন ও রাষ্ট্রপতির আসনে ভোট কবে? জেনে নিন
এর আগে গত সোমবার (২৪ আগস্ট) রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের প্রটোকল শাখা থেকে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসকের কাছে পাঠানো চিঠিতে জানানো হয়, ৩০ ও ৩১ আগস্ট রাষ্ট্রপতি ঠাকুরগাঁও সফর করবেন। সফর শেষে ৩১ আগস্ট তার ঢাকায় ফেরার কথা ছিল। চিঠিতে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের যাতায়াত, আবাসন ও যানবাহনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে সফরের বিস্তারিত কর্মসূচি ও সফরসঙ্গীদের অনুমোদিত তালিকা পরে পাঠানোর কথা জানানো হয়েছিল।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের প্রথম সফর ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। সফর উপলক্ষে জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরেও প্রস্তুতি চলছিল। তবে শেষ পর্যন্ত অনিবার্য কারণে সফরটি স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
এর আগে গত ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে পরাজিত করেন।
পরদিন ২১ আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
