নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১১:১৪ পিএম
ছবি : সংগৃহীত
আগামী নভেম্বর থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৫ আগস্ট) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
নির্বাচন কমিশনার বলেন, নভেম্বরকে সামনে রেখেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে কমিশন। এরই মধ্যে সার্বিক প্রস্তুতির বড় একটি অংশ প্রায় শেষ করা হয়েছে।
আরও পড়ুন: স্থানীয় নির্বাচন ও রাষ্ট্রপতির আসনে ভোট কবে? জেনে নিন
তিনি জানান, নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সময়কে নির্বাচন আয়োজনের জন্য তুলনামূলকভাবে উপযুক্ত মৌসুম হিসেবে বিবেচনা করা হয়। তবে এই সময়ের মধ্যে পূজা, ঈদ ও রমজানসহ বিভিন্ন ধর্মীয় ও জাতীয় আয়োজন রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই ভোটের সময়সূচি নির্ধারণ করা হবে।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের ভোটকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে কমিশনের নীতিগত সিদ্ধান্ত রয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী নভেম্বরেই ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচনের পুরো প্রক্রিয়া ধাপে ধাপে সম্পন্ন করা হবে। নির্বাচন আয়োজনের উপযুক্ত সময়, ধর্মীয় উৎসবসহ অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে ভোটের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করবে কমিশন।
