রাজধানীসহ ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১০:০৪ এএম
ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আকাশ অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের আটটি অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (৩০ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার সকালে ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ। শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, রোববারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আরো পড়ুন: গাড়ির ধাক্কায় প্রান গেল ৩ মোটরসাইকেল আরোহীর
এদিকে, ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ কারণে সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা থাকতে পারে। পাশাপাশি কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
