২ দিনের সফরে নিজ এলাকায় যাচ্ছেন রাষ্ট্রপতি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ এএম
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামী ৬ সেপ্টেম্বর দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে, রাষ্ট্রপতির সফর ঘিরে ঠাকুরগাঁওজুড়ে দেখা দিয়েছে উৎসবের আমেজ। তাকে স্বাগত জানাতে শহরের বিভিন্ন স্থানে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ।
সফরের প্রথম দিন আগামী ৬ সেপ্টেম্বর বিকেল ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরো পড়ুন: আগস্টে ধর্ষণের শিকার অর্ধশতাধিক,অধিকাংশই শিশু
নাগরিক কমিটির আহ্বায়ক ড. আবু মো. খয়রুল কবির জানান, ওই দিন হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ে পৌঁছাবেন রাষ্ট্রপতি। পরে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন তিনি। সেখান থেকে শহরের সেনুয়া গোরস্থানে গিয়ে পিতার কবর জিয়ারত করার কথা রয়েছে। এরপর নিজ বাড়িতে গিয়ে সরাসরি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি।
সফরের দ্বিতীয় দিন ৭ সেপ্টেম্বর শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশের জামালপুর এলাকায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইস্রাফিল শাহীন জানান, ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সীমিতসংখ্যক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
রাষ্ট্রপতির ছোট ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন বলেন, নাগরিক সমাজের উদ্যোগে রাষ্ট্রপতিকে সংবর্ধনা দেওয়া হবে। তবে রাষ্ট্রপতি বর্তমানে নিরপেক্ষ অবস্থানে থাকায় অনুষ্ঠানে বিএনপি বা ধানের শীষের কোনো প্রতীক প্রদর্শন না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
