×

জাতীয়

পে-স্কেলের নতুন কাঠামোয় ১১ পরিবর্তন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পিএম

পে-স্কেলের নতুন কাঠামোয় ১১ পরিবর্তন

ছবি : সংগৃহীত

মন্ত্রিসভায় অনুমোদনের পরও এখনো প্রকাশ হয়নি নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬-এর গেজেট। গত ৩১ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অনুমোদন করা হয়। তবে গেজেট ও বাস্তবায়ন নির্দেশনা জারির অপেক্ষায় রয়েছে নতুন কাঠামোর চূড়ান্ত বাস্তবায়ন।

এরই মধ্যে নতুন পে-স্কেলে বাড়িভাড়া, চিকিৎসা, ইনক্রিমেন্ট, মোবাইল, যাতায়াত ও টিফিন ভাতাসহ বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের তথ্য সামনে এসেছে। পাশাপাশি উচ্চতর গ্রেড পাওয়ার সময়সীমা কমানো, বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য ভাতা এবং সশস্ত্র বাহিনীর বিভিন্ন ভাতা পুনর্নির্ধারণের প্রস্তাব রয়েছে।

নতুন কাঠামোয় বিদ্যমান ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে। গ্রেডভেদে প্রারম্ভিক মূল বেতন ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হলেও মূল বেতন ধাপে ধাপে বাস্তবায়নের কথা রয়েছে।

১. বাড়িভাড়া ভাতায় পরিবর্তন

নতুন পে-স্কেলে বাড়িভাড়া ভাতার হার পরিবর্তনের প্রস্তাব রয়েছে। ঢাকা সিটি করপোরেশন এলাকায় গ্রেডভেদে মূল বেতনের ৪০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া দেওয়ার কথা বলা হয়েছে। অন্যান্য সিটি করপোরেশন ও সাভারে ৩০ থেকে ৫০ শতাংশ এবং এসব এলাকার বাইরে ২৫ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া নির্ধারণের প্রস্তাব রয়েছে।

মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়ায় শতাংশের হার কমলেও অনেক গ্রেডে বাড়িভাড়ার প্রকৃত টাকার অঙ্ক বাড়তে পারে।

২. বয়সভেদে বাড়ছে চিকিৎসাভাতা

বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মাসে ১ হাজার ৫০০ টাকা চিকিৎসাভাতা পান। নতুন কাঠামোয় বয়স অনুযায়ী এ ভাতা বাড়ানোর প্রস্তাব রয়েছে।

প্রস্তাব অনুযায়ী, ৫০ বছর পর্যন্ত বয়সী চাকরিজীবীরা মাসে ৩ হাজার টাকা, ৫০ বছরের বেশি থেকে ৬০ বছর পর্যন্ত ৪ হাজার টাকা, ৬০ বছরের বেশি থেকে ৭০ বছর পর্যন্ত ৫ হাজার টাকা এবং ৭০ বছরের বেশি বয়সে ৬ হাজার টাকা চিকিৎসাভাতা পেতে পারেন।

পেনশনভোগীদের ক্ষেত্রেও বয়স অনুযায়ী চিকিৎসাভাতা বাড়ানোর ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে।

৩. গ্রেডভেদে কমবে বার্ষিক ইনক্রিমেন্ট

বর্তমানে সরকারি চাকরিজীবীরা মূল বেতনের ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট পান। নতুন কাঠামোয় সব গ্রেডে একই হার না রেখে গ্রেডভেদে ইনক্রিমেন্ট নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

গ্রেড-২০ থেকে গ্রেড-৬ পর্যন্ত ৫ শতাংশ, গ্রেড-৫-এ ৪ শতাংশ, গ্রেড-৪ ও ৩-এ ৩ দশমিক ৫ শতাংশ এবং গ্রেড-২-এ ২ দশমিক ৭৫ শতাংশ হারে বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাব রয়েছে।

৪. সব গ্রেডে চালু হচ্ছে মোবাইল ভাতা

নতুন পে-স্কেলের অন্যতম পরিবর্তন হলো সব গ্রেডের সরকারি কর্মচারীর জন্য মোবাইল ভাতা চালু করা। বর্তমানে নির্দিষ্ট উচ্চতর গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা এ সুবিধা পান।

নতুন কাঠামোয় প্রথম থেকে পঞ্চম গ্রেডে মাসে ৫০০ টাকা এবং ষষ্ঠ থেকে ২০তম গ্রেডে ১৫০ টাকা মোবাইল ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে।

৫. যাতায়াত ভাতা দ্বিগুণ

জীবনযাত্রা ও পরিবহণ ব্যয় বিবেচনায় যাতায়াত ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করার প্রস্তাব রয়েছে।

এ ছাড়া প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণ ভাতার কাঠামো পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে শিক্ষা সহায়ক, কার্যভার, আপ্যায়ন, কুক অ্যান্ড সিকিউরিটি, উৎসব এবং শ্রান্তি-বিনোদন ভাতার বিদ্যমান হার বহাল রাখার কথা রয়েছে।

৬. টিফিন ও ধোলাই ভাতা বাড়ছে

নতুন কাঠামোয় টিফিন ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে ধোলাই ভাতা ১০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার কথা বলা হয়েছে।

৭. বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য ভাতা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী সন্তানের জন্য নতুন ভাতা চালুর প্রস্তাব রয়েছে।

প্রতি সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা করে এ ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। সর্বোচ্চ দুই সন্তান এ সুবিধার আওতায় আসতে পারেন। ফলে একজন চাকরিজীবী এ খাতে মাসে সর্বোচ্চ ৬ হাজার টাকা পেতে পারেন।

৮. বাংলা নববর্ষ ভাতা কমছে

কিছু ভাতা বাড়ানো হলেও বাংলা নববর্ষ ভাতার হার কমানোর প্রস্তাব রয়েছে। বর্তমানে মূল বেতনের ২০ শতাংশ হারে এ ভাতা দেওয়া হয়। নতুন কাঠামোয় তা কমিয়ে ১৫ শতাংশ করার কথা বলা হয়েছে।

তবে পাহাড়ি ভাতা এবং হাওড়, দ্বীপ ও চরভাতা মূল বেতনের ২০ শতাংশ হারে বহাল রাখার প্রস্তাব রয়েছে। এসব ভাতার সর্বোচ্চ সীমা নির্ধারণের কথাও বলা হয়েছে।

এ ছাড়া ঝুঁকি ভাতাসহ বিভিন্ন বিশেষ ভাতার পরিমাণ বিদ্যমান হারের তুলনায় ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব রয়েছে।

৯. পেনশন কাঠামোয় পরিবর্তন

‘এক গ্রেড এক পেনশন’ বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ হিসেবে নিট পেনশনের নতুন সীমা নির্ধারণের প্রস্তাব রয়েছে। এতে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার টাকা এবং সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা হতে পারে।

অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বয়স অনুযায়ী চিকিৎসাভাতা বাড়ানোর ব্যবস্থাও রাখা হয়েছে। তবে পেনশন-সংক্রান্ত সুবিধাগুলোর চূড়ান্ত বাস্তবায়ন গেজেট ও পরবর্তী নির্দেশনায় স্পষ্ট হবে।

১০. উচ্চতর গ্রেড ও বিশেষ প্রণোদনায় পরিবর্তন

বর্তমানে একই গ্রেডে ১০ বছর চাকরি করলে পদোন্নতি না হলেও উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ রয়েছে। নতুন কাঠামোয় এ সময়সীমা কমিয়ে ৮ বছর করার প্রস্তাব রয়েছে। দ্বিতীয়বার উচ্চতর গ্রেড পেতে একই গ্রেডে আরও ছয় বছর চাকরির শর্ত রাখা হয়েছে।

পদোন্নতিযোগ্য পদে কর্মরতরা পদোন্নতি না পেলে চাকরিজীবনে সর্বোচ্চ দুইবার এ সুবিধা পেতে পারেন। আর পদোন্নতির সুযোগ নেই এমন ‘ব্লকড পদে’ কর্মরতদের সর্বোচ্চ তিনবার উচ্চতর গ্রেড দেওয়ার প্রস্তাব রয়েছে।

এদিকে ২০২৪ সালে চালু হওয়া বিশেষ প্রণোদনাও নতুন পে-স্কেল কার্যকর হলে বাতিল করার প্রস্তাব রয়েছে।

১১. সশস্ত্র বাহিনীর বেতন-ভাতায় পরিবর্তন

জাতীয় বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীর বেতন ও বিভিন্ন ভাতা পুনর্নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, নন-কমব্যাট্যান্ট (এনরোল্ড) বা এনসি (ই) এবং সমতুল্য পদে প্রারম্ভিক মূল বেতন ২১ হাজার টাকা এবং মেজর জেনারেল ও সমপদে ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণের কথা রয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল ও সমপদকে গ্রেড-২ এবং কর্নেল ও সমপদকে গ্রেড-৩-এর সঙ্গে সামঞ্জস্য করার প্রস্তাব রয়েছে। বিমানবাহিনীর ফ্লাইং পে বাড়ানোর পাশাপাশি কমান্ড, স্টাফ, টিচিং, কোয়ালিফিকেশন, ডিস্টার্বেন্স ও বিশেষজ্ঞ বেতন ১০ শতাংশ এবং দক্ষতা, নিযুক্তি, প্যারাসুট, কমান্ডো বা স্নাইপার, স্কুবা ডাইভিং ও সদাচরণ বেতন ১৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব রয়েছে।

সশস্ত্র বাহিনীর বিদ্যমান বিভিন্ন ভাতাও পর্যালোচনা করা হয়েছে। প্রতিরক্ষা ভাতা, কিট ভাতা, ডেঞ্জার মানি, দোভাষী ও শিক্ষকতা ভাতাসহ কয়েকটি ভাতা বাড়ানোর প্রস্তাব রয়েছে।

প্রায় ২৪ লাখ চাকরিজীবী উপকৃত হওয়ার কথা

সরকারের হিসাবে নতুন বেতন কাঠামোর আওতায় প্রায় ২৪ লাখ সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারী এবং সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী ও অন্যান্য যোগ্য সুবিধাভোগী উপকৃত হওয়ার কথা রয়েছে।

নতুন কাঠামোয় গ্রেড-২০-এর প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা এবং গ্রেড-১-এর নির্ধারিত বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হয়েছে। সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বৃদ্ধির হার ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।

নতুন পে-স্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হলেও মূল বেতন ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এখন গেজেট ও সংশ্লিষ্ট বাস্তবায়ন নির্দেশনা জারির পরই বিভিন্ন ভাতা, পেনশন ও অন্যান্য সুবিধার চূড়ান্ত কাঠামো আরও স্পষ্ট হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একযোগে ৯৯ বিচারককে বদলি

একযোগে ৯৯ বিচারককে বদলি

পে-স্কেলের নতুন কাঠামোয় ১১ পরিবর্তন

পে-স্কেলের নতুন কাঠামোয় ১১ পরিবর্তন

সর্বজনীন পেনশন স্কিমে সুযোগ-সুবিধা বেড়েছে, সেগুলো কী

সর্বজনীন পেনশন স্কিমে সুযোগ-সুবিধা বেড়েছে, সেগুলো কী

চতুর্থ ও ষষ্ঠে যুক্ত হচ্ছে নতুন যেসব বই

চতুর্থ ও ষষ্ঠে যুক্ত হচ্ছে নতুন যেসব বই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App