×

জাতীয়

নাশকতা ঠেকাতে রাজধানীতে বাড়ছে নজরদারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পিএম

নাশকতা ঠেকাতে রাজধানীতে বাড়ছে নজরদারি

ছবি : সংগৃহীত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক নাশকতার অভিযোগে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর পূর্ব ও পশ্চিম প্রান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। একই সঙ্গে গুরুত্বপূর্ণ স্থাপনা ও কেপিআইভুক্ত প্রতিষ্ঠানগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রের দাবি, সাম্প্রতিক সময়ে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। নিজেদের মালিকানাধীন গণপরিবহনে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি, দায় সরকারের ওপর চাপানো এবং বিমার অর্থ আদায়ের চেষ্টা হয়েছে কি না, তা নিয়েও তদন্ত চলছে বলে সূত্র জানিয়েছে।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, নাশকতার সঙ্গে জড়িতরা রাজধানীর পূর্ব ও পশ্চিম প্রান্তে ‘হিট অ্যান্ড রান’ কৌশল ব্যবহার করতে পারে। অর্থাৎ, দ্রুত কোনো ঘটনা ঘটিয়ে ঘটনাস্থল থেকে সরে যাওয়াই এ কৌশলের মূল বৈশিষ্ট্য। রাজধানীর প্রবেশ ও বের হওয়ার পথ এবং দ্রুত আত্মগোপনের সুযোগ থাকায় এসব এলাকাকে বিশেষ গুরুত্ব দিয়ে নজরদারি করা হচ্ছে।

পূর্বাঞ্চলের ডেমরা, যাত্রাবাড়ী, সবুজবাগ, বাসাবো ও খিলগাঁও এবং পশ্চিমাঞ্চলের গাবতলী, মোহাম্মদপুর, বসিলা ও মিরপুরের শেষ অংশে অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানিয়েছে। এসব এলাকায় ড্রোনের মাধ্যমেও নজরদারি বাড়ানো হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, ককটেল নিক্ষেপের পর বাসে আগুনসহ বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে রেলপথ ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তু হতে পারে। সম্প্রতি কমলাপুর রেলওয়ে স্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পরদিন একই স্টেশনে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লাগে। তবে ট্রেনে আগুনের ঘটনাটি নাশকতা কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি; বিষয়টি তদন্তাধীন।

এ ধরনের ঘটনার পর রাজধানীর রেলস্টেশন ও রেলপথে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি গণপরিবহন ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায়ও বাড়তি নজর দেওয়া হচ্ছে।

ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, পুলিশ সদর দপ্তরের নির্দেশনার পর রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা ও কেপিআই এলাকায় নিয়মিত নিরাপত্তার পাশাপাশি বিশেষ টিম মোতায়েন করা হয়েছে। জ্যেষ্ঠ কর্মকর্তাদের এসব নিরাপত্তাব্যবস্থা তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডে একটি রাজনৈতিক গোষ্ঠীর অর্থ জোগান ও ইন্ধনের তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ওই গোষ্ঠীর কয়েকজন শীর্ষ নেতা দেশের বাইরে অবস্থান করে দেশের ভেতরের কর্মীদের সঙ্গে যোগাযোগ ও অর্থ পাঠাচ্ছেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। অর্থের জোগানদাতা ও নির্দেশদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজি (ভারপ্রাপ্ত) ব্যারিস্টার জিল্লুর রহমান জানান, রেলস্টেশন ও রেলপথের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কমলাপুরে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও কয়েকজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে তিনি জানান।

গোয়েন্দা সূত্রের মতে, রাজধানীর পূর্ব ও পশ্চিম প্রান্তে ঘনবসতি, একাধিক প্রবেশ ও বের হওয়ার পথ এবং দ্রুত আত্মগোপনের সুযোগ থাকায় এসব এলাকাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ কিংবা গণপরিবহনে আগুন দিয়ে দ্রুত সরে যাওয়ার সম্ভাবনা বিবেচনায় নিয়ে পুলিশ এসব এলাকায় নজরদারি বাড়িয়েছে।

ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান শফিকুল ইসলাম বলেন, গণপরিবহনে আগুন ও ককটেল নিক্ষেপের মাধ্যমে জনমনে আতঙ্ক তৈরির চেষ্টা হতে পারে। পূর্ব ও পশ্চিম সীমানার এলাকাগুলোতে দ্রুত পালিয়ে যাওয়ার সুযোগ থাকায় এসব এলাকায় বাড়তি নজরদারি রাখা হচ্ছে। পাশাপাশি মিরপুর ও পল্লবীর মতো জনবহুল এলাকায় গণপরিবহনের ভিড়ের সুযোগ নিয়ে নাশকতার আশঙ্কাও বিবেচনায় রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জ্বালানি তেলের দাম বাড়লেও পণ্যের দামে বড় প্রভাব পড়বে না

বাণিজ্যমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়লেও পণ্যের দামে বড় প্রভাব পড়বে না

কোন রুটে কত বাড়ল বাস ভাড়া?

কোন রুটে কত বাড়ল বাস ভাড়া?

লংমার্চে কিছু গাড়ির টোল দেয়নি বিরোধী দল : রিজভী

লংমার্চে কিছু গাড়ির টোল দেয়নি বিরোধী দল : রিজভী

জ্বালানির পর এবার কি বিদ্যুতের পালা?

জ্বালানির পর এবার কি বিদ্যুতের পালা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App