বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা কতটুকু
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে একটি লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও কিছুটা শক্তিশালী হলেও এর ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার বা বাংলাদেশের ওপর সরাসরি আঘাত হানার আশঙ্কা নেই। তবে এর প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত বাড়ার পাশাপাশি তাপমাত্রা কিছুটা কমে গরমের অস্বস্তি কমতে পারে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সতর্কসংকেত ও পরামর্শ:
নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া ও বৃষ্টির পূর্বাভাস:
রংপুর, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আরও পড়ুন: ‘কয়েকটা ককটেল-বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না’
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা (সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত): আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৮ মিনিটে।
