×

জাতীয়

চাপ নয়, দ্বিপাক্ষিক স্বার্থেই বোয়িং কেনার চুক্তি: মাহাদী আমিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পিএম

চাপ নয়, দ্বিপাক্ষিক স্বার্থেই বোয়িং কেনার চুক্তি: মাহাদী আমিন

ছবি : সংগৃহীত

কোনো ধরনের চাপের কারণে নয়, বরং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থ বিবেচনা করেই বোয়িং কেনার চুক্তি করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহাদী আমিন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রীর জাতিসংঘের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বোয়িং কেনার চুক্তি প্রসঙ্গে মাহাদী আমিন বলেন, বিষয়টি কোনো পক্ষের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত নয়। দুই দেশের প্রতিনিধিদের আলোচনার ভিত্তিতে চুক্তিটি হয়েছে এবং এতে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি জানান, বোয়িংয়ের কাছ থেকে বিমান কেনার বিষয়ে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তিনি আরও জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘স্ট্র্যাটেজিক সিভিল নিউক্লিয়ার কোঅপারেশন’ নিয়েও একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের বিভিন্ন দিক তুলে ধরে মাহাদী আমিন বলেন, সফরটি শুধু যুক্তরাষ্ট্র বা জাতিসংঘকেন্দ্রিক ছিল না। প্রধানমন্ত্রী ১১টি দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এসব আলোচনায় বাংলাদেশের স্বার্থ ও জনগণের কল্যাণকে গুরুত্ব দেওয়া হয়েছে।

জ্বালানি নিরাপত্তা, রোহিঙ্গা সংকট ও অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়েও একাধিক দেশের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে আলোচনায় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সহযোগিতা এবং পারস্পরিকভাবে কাজ করার সম্ভাবনা নিয়ে কথা হয়েছে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, মানবাধিকার ও বাস্তুচ্যুত মানুষের বিষয়ে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন ও দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। রোহিঙ্গা সংকট সমাধানে তারা বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।

মাহাদী আমিন বলেন, স্বল্প সময়ের এই সফরে বহু বছর পর বাংলাদেশ থেকে জনগণের ভোটে নির্বাচিত একজন সরকারপ্রধান বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করেছেন। প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিসহ বিভিন্ন বিষয়ে যে বিষয়গুলো উঠে এসেছে, সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

বিশ্বশান্তির প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রধানমন্ত্রী শুধু বাংলাদেশের বিষয় নিয়ে কথা বলেননি, বিশ্ব শান্তির প্রয়োজনীয়তার কথাও বলেছেন। ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার কথাও তিনি তুলে ধরেছেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর ইসরায়েলের প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে বাংলাদেশের প্রতিনিধিদলের ওয়াকআউটের বিষয়টিও উল্লেখ করেন তিনি।

এদিকে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহাদী আমিন বলেন, সরকারের নাম ব্যবহার করে কেউ কোনো ধরনের অপকর্ম করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে এবং এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। আইন নিজস্ব গতিতে চলবে বলেও জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র।

এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সন্ত্রাসে মদদ দিলে হামলা, কড়া বার্তা ভারতের

সন্ত্রাসে মদদ দিলে হামলা, কড়া বার্তা ভারতের

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার নেপথ্যে কী? যা জানাল পুলিশ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার নেপথ্যে কী? যা জানাল পুলিশ

সরিয়ে দেওয়া হলো শাহআলী থানার ওসিকে

স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর সরিয়ে দেওয়া হলো শাহআলী থানার ওসিকে

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App